দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৩২ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৩৪ পিএম
খাগড়াছড়ির দীঘিনালায় চলতি বছর পর পর দুই দফা অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৬০ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
খাগড়াছড়ির দীঘিনালায় চলতি বছরে পর পর দুই দফা অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৬০ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
সোমবার উপজেলার বাবুছড়া ইউনিয়নের ক্ষতিগ্রস্ত
প্রতিটি পরিবারকে ৬ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। এতে ৩৬০ পরিবারের মধ্যে
মোট ২১ লাখ ৬০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
কারিতাস বাংলাদেশের অর্থায়নে এবং জাবারাং
কল্যাণ সমিতির সহায়তায় এ অর্থ সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
সংশ্লিষ্টরা জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত
পরিবারগুলোর প্রকৃত অবস্থা যাচাই করে সহায়তার জন্য তালিকা প্রস্তুত করা হয়। এ ক্ষেত্রে
স্থানীয় ইউনিয়ন পরিষদ, পাড়া কার্বারি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে এলাকাভিত্তিক
যাচাই-বাছাই করা হয়। পরে যাচাই-বাছাই শেষে প্রকৃত ক্ষতিগ্রস্ত ৩৬০ পরিবারের তালিকা
চূড়ান্ত করা হয়।
চূড়ান্ত তালিকাভুক্ত পরিবারের প্রত্যেকের
হাতে ৬ হাজার টাকা করে নগদ অর্থ তুলে দেওয়া হয়। আকস্মিক বন্যায় ঘরবাড়ি, কৃষি ও দৈনন্দিন
জীবনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে এ অর্থ সহায়তা কিছুটা হলেও
কাজে আসবে বলে সংশ্লিষ্টরা জানান।
অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত
ছিলেন দীঘিনালা উপজেলা সমবায় কর্মকর্তা ত্রিরতন চাকমা, জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী
পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমাসহ
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।