দিনাজপুর প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৩ ১১:০৯ এএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩ ১১:৫২ এএম
শনিবার অনুষ্ঠানে বক্তব্য দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। প্রবা ফটো
স্মার্ট বাংলাদেশ শুধু একটি স্লোগান নয়, এর মাধ্যমে আওয়ামী লীগ সরকার স্মার্ট জনগোষ্ঠী তৈরি করতে চায় বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, বাংলাদেশ উন্নয়নশীল বিশ্বে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আজ বিমান বাংলাদেশ উন্নয়ন করেছে, সৈয়দপুর থেকে কক্সবাজারে সরাসরি প্লেন চলাচল করছে। নৌপরিবহনের উন্নতি হয়েছে। খাদ্য, শিক্ষা, বস্ত্র, বাসস্থানের উন্নতি হয়েছে।
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা পরিষদে শনিবার (৭ জানুয়ারি) গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘স্মার্ট বাংলাদেশ শুধু একটি স্লোগান নয়, জনগণকে স্মার্ট জনগোষ্ঠী হিসেবে আমরা তৈরি করতে চাই। আমরা বাংলাদেশে নারীদের ঘরের বাইরে কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে প্রথম ক্ষমতায় আসার পর তিনি প্রথম উপজেলায় নারী এমপি, নারী ডিসি, ইউএনও, সংসদে নারী স্পিকার করেছেন।’
বক্তব্য শেষে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় ২০২০-২০২৩ অর্থ বছরে নৃগোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান, বাইসাইকেল, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আইজিএ প্রশিক্ষণার্থীদের মাঝে চেক এবং দূর্যোগ ব্যবস্থাপণা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় নগদ অর্থ বিতরণ করেন।