খুলনা অফিস
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ২২:৪৯ পিএম
চরম আর্থিক সংকটে চিকিৎসাহীন থাকা মা দুলিপা পারভীন ও তার শিশুসন্তান হোসাইনকে মা ও শিশুকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
খুলনার কয়রায় চরম আর্থিক সংকটে চিকিৎসাহীন থাকা মা দুলিপা পারভীন ও তার শিশুসন্তান হোসাইনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া মা ও শিশুর অসহায়ত্বের ভিডিও তার নজরে এলে তিনি খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পীকে চিকিৎসার যাবতীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত জেডআরএফের প্রোগ্রাম পরিচালক অধ্যাপক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।
এসএম মনিরুল হাসান বাপ্পী বলেন, শনিবার রাতে বিষয়টি আমাকে ফোনে জানানো হয়। তাৎক্ষণিক প্রতিনিধি পাঠিয়ে তাদের তথ্য সংগ্রহ করি। রবিবার সকালেই মা ও শিশুকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জায়গীর মহল হাসপাতালে ভর্তি করা হয়। জেডআরএফের সদস্য ডা. এমআর হাসান ও কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রেজাউল করিম রাজীবের তত্ত্বাবধানে গতকাল দুপুর থেকে চিকিৎসা কার্যক্রম শুরু হয়।
তিনি আরও বলেন, মা ও শিশুটির দ্রুত আরোগ্যের জন্য মেডিকেল বোর্ড গঠনসহ প্রয়োজনীয় প্রশাসনিক ও আর্থিক সহযোগিতা আমাদের পক্ষ থেকে অব্যাহত থাকবে।
কয়রা উপজেলার বামিয়া শ্রীফলতলার বাসিন্দা হারুন সানা জানান, চরম আর্থিক সংকটের কারণে স্ত্রী দুলিপা পারভীন ও শিশুসন্তান হোসাইনকে প্রয়োজন অনুযায়ী পুষ্টিকর খাবার দিতে পারেননি। এতে তারা চরম পুষ্টিহীনতায় ভুগছেন। দীর্ঘদিনের শারীরিক জটিলতার পাশাপাশি অর্থের অভাবে নিয়মিত চিকিৎসা চালিয়ে যাওয়া তাদের পরিবারের জন্য অসম্ভব ছিল। সহযোগিতা পাওয়ার পর মা ও শিশুকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রেজাউল করিম রাজীব বলেন, মহিলা রোগী কিছুটা পুষ্টিহীনতায় দুর্বল। শারীরিক পুষ্টির জন্য হাসপাতাল থেকে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে।
তিনি বলেন, শিশুটির ১২ দিন আগে চিকেন পক্স হয়েছিল। এ কারণে শরীর ও মুখে সাদা স্পট হয়েছে, যা সময়ের সঙ্গে ঠিক হয়ে যাবে। শিশুটিকে হাসপাতাল থেকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত মা ও শিশু দুজনেই স্বাভাবিক আছেন।
জেডআরএফ সদস্য ডা. এমআর হাসান বলেন, সামাজিক মাধ্যমে ভিডিওটি নজরে আসার পরই ডা. জুবাইদা রহমান মা ও শিশুটির চিকিৎসায় সহযোগিতার উদ্যোগ নেন। তার নির্দেশনা অনুযায়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে মা ও শিশুর চিকিৎসার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেওয়া হয়েছে।