কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ২২:৩৫ পিএম
পৃথিবীতে সবচেয়ে ভারী বস্তুর মধ্যে একটি হচ্ছে বাবার কাঁধে সন্তানের লাশ এমন আকুতি জানিয়েছেন কুমিল্লার অপ্রতিমের বাবা কেএম ফিরোজ শাহরিয়ার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পৃথিবীতে সবচেয়ে ভারী বস্তুর মধ্যে একটি হচ্ছে বাবার কাঁধে সন্তানের লাশ। তাই আর কোনো বাবাকে যেন এভাবে সন্তান হারাতে না হয়Ñ এমন আকুতি জানিয়েছেন কুমিল্লার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের বাবা কেএম ফিরোজ শাহরিয়ার।
‘আমার ছেলের বয়স যখন দুই বছর, তখন সে এই এলাকায় এসেছে। আমার স্ত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। অপ্রতিম আপনাদের কাছেই বড় হয়েছে। আপনাদের আদর-স্নেহ পেয়েছে, আপনাদের বাসায় খেয়েছে। তাই আপনাদের কাছেই অপ্রতিমকে সমাহিত করছি। আর কাউকে যেন আমার মতো সন্তান হারাতে না হয়। বাবার কাঁধে সন্তানের লাশ বহন করার কষ্ট কতটা, তা আজ বুঝতে পারছি।’ কোটবাড়ির গন্ধমতী এলাকায় রবিবার বেলা ১১টায় একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের দ্বিতীয় জানাজার আগে এসব কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন কেএম ফিরোজ শাহরিয়ার।
কান্নাজড়িত কণ্ঠে সন্তানহারা এই বাবা বলেন, ‘ওর বয়স ১৩ বছর। আমি ওর বাবা হিসেবে আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। ওর কোনো আচরণে যদি আপনারা ত্রুটি পান, আপনারা ক্ষমা করে দেবেন। এবং ওর জন্য দোয়া করবেন, ও যেন বেহেশতবাসী হয়।’
তিনি বলেন, ‘আমার একটাই সন্তান। ওর মাতৃভূমি বলেন, এটাই। ও ছোট থেকে এখানেই বড়, আপনাদের ভালোবাসায় বড় (হয়েছে)।…’
জানাজায় অপ্রতিমের সহপাঠীসহ স্কুলের বেশ কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীও অংশ নেন। অপ্রতিমের বন্ধু সিয়াম জানান, তাদের ক্লাসে ৫৪ জন শিক্ষার্থী। অপ্রতিমের রোল নম্বর ছিল ৩৬। সে খুবই শান্ত স্বভাবের ছিল। কারও সঙ্গে মারামারি বা ঝামেলায় জড়াত না। সবার সঙ্গে মিলেমিশে থাকত।
আরেক বন্ধু ইয়ামিন জানান, বন্ধুকে যেকোনো প্রয়োজনে ডাক দিলেই অপ্রতিম দৌড়ে আসত। সে সব সময় হাসিখুশি থাকত। তাকে খুব মিস করব। আমরা হত্যাকারীদের শাস্তি চাই।
সন্তানের মৃত্যুর শোক ও ক্ষোভ প্রকাশ করতে গিয়ে নাহিদা বেগম বলেন, ‘আমি ফাঁসি চাই না, দেশটা তলিয়ে যাক, এ দেশটা ধ্বংস হয়ে যাক। এ দেশের দরকার নাই।’ মাত্র একটি আইফোনের জন্য পরিচিতদের হাতে নিজের ১৩ বছরের সন্তানকে এমন নির্মমভাবে প্রাণ দিতে হবেÑ এই বাস্তবতা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি।
এর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় তার বাবা বলেন, ‘অপ্রতিম আপনাদের স্নেহ-ভালোবাসায় বেড়ে উঠেছে। সে যদি কারও মনে কষ্ট দিয়ে থাকে, তাকে ক্ষমা করে দেবেন।’ কথা বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন তিনি। তার কান্না দেখে অনেককে চোখ মুছতে দেখা যায়।
অপ্রতিমকে শেষবারের মতো একনজর দেখতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয় হাজারো মানুষ ভিড় করেন। এ সময় ছোট্ট শিশুটির নির্মম হত্যাকাণ্ডে অনেককেই অশ্রুসিক্ত হতে দেখা যায়। তারা এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন।
সরেজমিন দেখা গেছে, লালমাটি দিয়ে বাঁধানো গোরস্থানের একটি ঢালে খোঁড়া হয়েছে ছোট্ট একটি কবর। কবরের পাশের মাটিও যেন রক্তাক্ত লাল। দ্বিতীয় জানাজা শেষে সেখানেই চিরনিদ্রায় শায়িত করা হয় ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে।
অপ্রতিমের দাদার বাড়ি কুষ্টিয়ায়, নানার বাড়ি চাঁদপুরে। দুই জানাজায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। এ সময় এলাকায় শোকের আবহ তৈরি হয়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।