আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ২২:২৯ পিএম
আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় বিকট বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ডে এক জন নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকার আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় বিকট বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ডে এক জন নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন।
নিহত মোসা. জয়নব বেগম (৫৫) গাজিপুর মহানগরীর কাশিমপুর থানার ইছরকান্দী এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী। সে পোশাক কারখানার পাশে একটি দর্জির দোকানে কাজ করতো।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতদের মধ্যে কয়েকজন দগ্ধ। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। রবিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকার দাদা মার্কেটসংলগ্ন প্রীতি গ্রুপের এফ অ্যান্ড এফ কারখানায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে কারখানা এলাকায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। এর পরপরই কারখানার একটি অংশে আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের শব্দে আশপাশের ভবনের কাচ ভেঙে পড়ে। আতঙ্কে স্থানীয় লোকজন ছুটোছুটি শুরু করে। খবর পেয়ে জিরাবো, ডিইপিজেড, সাভার ও উত্তরা ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বিস্ফোরণের প্রকৃত উৎস সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বয়লার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। অন্যদিকে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, কারখানার সীমানার পাশে বিশেষভাবে তৈরি একটি লরিতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে।
শিল্পপুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, বিস্ফোরণটি বয়লার নাকি গ্যাস সিলিন্ডার থেকে হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কার্যক্রম শেষে ঘটনাস্থল পর্যবেক্ষণ করে বিস্ফোরণের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যাবে।
অগ্নিকাণ্ডের পর আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে কয়েকজন দগ্ধ ও আহত রোগী ভর্তি হন। হাসপাতালটির ব্যবস্থাপক হারুন অর রশীদ জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজন দগ্ধ রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে দুজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী রনি জানান, বিস্ফোরণের পর আগুনের পাশাপাশি বিভিন্ন লোহার ও পাইপের অংশ ছিটকে আশপাশের রাস্তা ও বাড়িঘরের দিকে পড়ে। এতে রিকশাচালকসহ কয়েকজন আহত হন। তিনি নিজে দুজন দগ্ধ ও গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন বলে জানান।
এদিকে স্থানীয়দের দাবি, বিস্ফোরণের সময় একটি সিলিন্ডার বা ধাতব অংশ ছিটকে পাশের একটি কাপড়ের দোকানে গিয়ে পড়ে। এতে দোকানি জয়নাব বেগম নিহত হন।
প্রীতি গ্রুপের এফ অ্যান্ড এফ কারখানার অ্যাডমিন ম্যানেজার হেমায়েত উদ্দিন জানান, কারখানার সীমানাঘেরা প্রাচীরের পাশে বিস্ফোরণের পর আগুন লাগে। কারখানার ভেতরে কোনো শ্রমিক আটকে নেই। আগুন লাগার পর শ্রমিকরা নিরাপদে বের হয়ে গেছেন।