ইটনা (কিশোরগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ২২:২৭ পিএম
অ্যাডভোকেট ফজলুর রহমান রবিবার দুপুরে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কিশোরগঞ্জের ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ হাসপাতালগুলো উপযুক্ত পরিবেশ ও প্রয়োজনীয় জনবলের অভাবে বেহাল অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান।
তিনি রবিবার দুপুরে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।
এ সময় সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা, পরিবেশ ও জনবলসহ সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, “হাসপাতালগুলো পরিবেশ ও জনবলের অভাবে বাজে অবস্থায় আছে।”
স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও প্রয়োজনীয় জনবল নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি।
পরিদর্শনকালে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস.এম. কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় হাসপাতালের জরুরি বিভাগে একজন চিকিৎসক ও একজন নার্স ছাড়া আর কাউকে পাওয়া যায়নি।
৫০ শয্যার এ সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টা জরুরি সেবা চালুর ব্যবস্থা থাকলেও প্রয়োজনীয় জনবলের অভাবে তা ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, চিকিৎসক ও জনবল সংকটে দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা।