রাণীনগর (নওগাঁ) প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ২১:১৬ পিএম
রাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয় প্রাঙ্গণে অধ্যক্ষ জুয়েলকে পিটিয়ে এক হাত এবং এক পা ভেঙে ও তার ব্যবহৃত মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে হামলাকারীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাণীনগর উপজেলার আবাদপুকুর মহাবিদ্যালয়ে যোগ দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন অধ্যক্ষ জিএম মাসুদ রানা জুয়েল। এ সময় হামলাকারীরা পিটিয়ে অধ্যক্ষের এক হাত এবং এক পা ভেঙে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ছাড়া হামলাকারীরা অধ্যক্ষের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। রবিবার দুপুরে উপজেলার আবাদপুকুর মহাবিদ্যালয় প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।
অধ্যক্ষ মাসুদ রানা জুয়েলকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার রাতোয়াল গ্রামের বাসিন্দা। আবাদপুকুর মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সালাউদ্দীন আহম্মেদ জানান, মহাবিদ্যালয়ে বিভিন্ন পদে চাকরি দেওয়ার নাম করে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন এমন অভিযোগে বেশ কয়েকজন ভুক্তযোগী গত ৫ আগস্ট পরবর্তী বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে এবং ৫ আগস্টের পর মহাবিদ্যালয়ে উপস্থিত না থাকায় অধ্যক্ষ জিএম মাসুদ রানা জুয়েলকে গত প্রায় দুই বছর আগে পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর তিনি উচ্চ আদালত থেকে চাকরিতে পুনর্বহালের আদেশ পান। আদেশের পরিপ্রেক্ষিতে এবং মহাবিদ্যালয়ের বর্তমান সভাপতি উপজেলা ইউএনওর আদেশে গতকাল তিনি মহাবিদ্যালয়ে যোগ দিতে আসেন।
তিনি জানান, দুপুর সোয়া ১২টার দিকে তিনি অফিস রুমে বসে চা পান করছিলেন। এ সময় কিছু লোকজন এসে অফিস রুম থেকে তাকে টেনে হিঁচড়ে বের করে মারধর শুরু করে এবং তার ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মাসুদ রানাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হামলাকারী কারা ছিলেন এটা বলতে পারেননি তিনি।
আবাদপুকুর মহাবিদ্যালয়ের সভাপতি ইউএনও রাকিবুল হাসান বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছ থেকে মারধরের খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। তবে ঘটনার সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
রাণীনগর থানার ওসি জাকারিয়া মণ্ডল বলেন, অধ্যক্ষকে মারধর এবং মোটরসাইকেলে আগুন দেওয়ার খবর পেয়ে সেখানে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।