গোয়াইনঘাট (সিলেট) প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ২০:৫৫ পিএম
গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করায় ইয়াকুব আলী নামে এক যুবককে মারধর ও রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করায় ইয়াকুব আলী নামে এক যুবককে মারধর ও রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে এবং আরও ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে আদালতে মামলা করা হয়েছে।
ভুক্তভোগীর বাবা আব্দুল হালিম বাদী হয়ে সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় ও আমলী আদালত নং-১০ (গোয়াইনঘাট)-এ সি.আর মামলা করেছেন। মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক সুদীপ্ত তালুকদার গোয়াইনঘাট থানার ওসিকে সরেজমিন তদন্ত করে আগামী ১ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলায় অভিযুক্তরা হলেনÑ মনোয়ার, সুমন, স্বপন, নাজিম, সুমন ও হালিম। তারা সবাই বাউঁরভাগ হাওর (মুখতলা) এলাকার বাসিন্দা। বাদীর জবানবন্দি গ্রহণের পর আদালত আশপাশের সাক্ষীদের বক্তব্য রেকর্ডসহ নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার স্মারক নম্বর ৬১৬।
এদিকে ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছে। গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।