ভূমধ্যসাগরে বোটডুবি
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ২০:৩৩ পিএম
ভৈরবের যুবক বায়জিদ চৌধুরী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
উন্নত জীবনের স্বপ্ন নিয়ে ইউরোপ পাড়ি দেওয়ার পথে ভূমধ্যসাগরে বোটডুবিতে প্রাণ হারিয়েছেন কিশোরগঞ্জের ভৈরবের যুবক বায়জিদ চৌধুরী (২৩)। গত ১৪ সেপ্টেম্বর গ্রিসের উদ্দেশে লিবিয়া থেকে রওনা দেওয়ার পর রাত ১১টার দিকে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী বোটটি দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়।
নিখোঁজের পর তাঁর মৃত্যুর খবর দালালের মাধ্যমে নিশ্চিত হলেও এখনো মরদেহের সন্ধান পায়নি পরিবার।
নিহত বায়জিদ ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আদর্শপাড়া গ্রামের সাব মিয়ার ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। পরিবারের সচ্ছলতা ফেরানোর আশায় এলাকার আরও দুই যুবকের সঙ্গে দালালের মাধ্যমে সৌদি আরব হয়ে লিবিয়ায় যান তিনি।
নিহতের কাকা আল আমিন জানান, শিবপুর ইউনিয়নের শম্ভুপুর-আলুকান্দা এলাকার দালাল সোহাগের মাধ্যমে তারা বিদেশে যান। তাঁদের একজন পুলিশের হাতে আটক হয়ে দেশে ফিরেছেন এবং অন্যজন ডাঙ্কি পথে ইতালি পৌঁছেছেন। বায়জিদ গ্রিস যাওয়ার পথে বোটডুবিতে নিখোঁজ হন।
বায়জিদের বড় ভাই রায়হান ইতালিতে রয়েছেন। স্বজনেরা মরদেহ দেশে ফিরিয়ে আনার আকুতি জানিয়েছেন। ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম. মামুনুর রশীদ বলেন, বিষয়টি তিনি জানতে পেরেছেন। পরিবার মরদেহ দেশে আনতে চাইলে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।