কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৪৯ পিএম
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে ডুবে মারা যাওয়া চবি শিক্ষার্থী সাজিদ শাহরিয়ার সানম। ছবি: ফেসবুক থেকে
রাঙামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে ডুবে সাজিদ শাহরিয়ার সানম (২৪) নামের এক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
উপজেলার সীতারঘাট এলাকায় রবিবার বেলা দেড়টার দিকে পা পিছলে নদীতে নিখোঁজ হন শাহরিয়ার। এর ৩ ঘণ্টা পর বিকাল পৌনে ৫টায় তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শাহরিয়ার সানম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। তিনি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার নাছির উদ্দীনের ছেলে। বন্ধুদের সঙ্গে কাপ্তাই বেড়াতে এসেছিলেন তিনি।
শাহরিয়ারের বন্ধুরা জানান, নরসিংদী ও ঢাকা থেকে আসা ৯ জনের একটি পর্যটক দল রবিবার সকাল ১০টার দিকে কাপ্তাইয়ে পৌঁছায়। স্থানীয় গাইড সাথে নিয়ে তারা কাপ্তাইয়ের সীতার পাহাড়ে ট্র্যাকিংয়ে যান। পাহাড় থেকে নেমে দুপুর দেড়টার দিকে সীতার ঘাট অংশে কর্ণফুলী নদীর পাথর ঘাটা এলাকায় হাত-মুখ ধোয়ার জন্য নদীতে নামেন তারা। এসময় হঠাৎ স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে যান সানম।
তার বন্ধু সাইফুল ইসলাম বলেন, “আমরা ঢাকা থেকে ৯ জন এসে সকালে সীতার পাহাড়ে উঠি। পাহাড় ঘুরা শেষে নদীতে হাত-মুখ ধোয়ার জন্য ঘাটে নেমেছিলাম। ঠিক তখনই মুহূর্তের মধ্যে সানম পানিতে তলিয়ে যায়। আমরা নিজেরা অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারিনি”।
খবর পেয়ে দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছায় কাপ্তাই থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল। ৩ ঘণ্টা অভিযান চালিয়ে বিকাল পৌনে ৫টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বর্তমানে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে শাহরিয়ারের মরদেহ রাখা হয়েছে।
কাপ্তাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন গণমাধ্যমকে বলেন, “বেলা দুইটার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিকেল ৪টা ৪০ মিনিটে দুর্ঘটনাস্থল থেকে ৪০ ফুট দূরে তার মরদেহ পাওয়া যায়”।