ময়মনসিংহ অফিস
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৪৭ পিএম
ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা বাসে আগুন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ‘সৌখিন পরিবহন’ নামের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন আশপাশে ছড়িয়ে পড়তে পারেনি।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে বাসটিতে কেউ আগুন দিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বলেন, খবর পাওয়ার পরপরই তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে কেউ আগুন দিয়ে থাকতে পারে। তবে বিষয়টি তদন্তের পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, মাসকান্দা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে কে বা কারা আগুন দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং ঘটনাস্থল থেকে অগ্নিকাণ্ড–সংশ্লিষ্ট কিছু আলামত জব্দ করা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এর পেছনে কারা জড়িত, তা জানতে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। জব্দ করা আলামত ও তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে।