একমাত্র সন্তানকে হারিয়ে মা নাহিদা নাহিদের বুকফাটা আর্তনাদ। ছবি: ভিডিও থেকে
‘দেশটা তলিয়ে যাক, এ দেশটা ধ্বংস হয়ে যাক। এ দেশের দরকার নাই’- কথাগুলো কোনো রাজনৈতিক বক্তব্য নয়। একমাত্র সন্তানকে হারিয়ে একজন মায়ের বুকফাটা আর্তনাদ। কুমিল্লায় আইফোনের জন্য ১৩ বছরের ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মৃত্যুর পর শোকে পাথর হয়ে যাওয়া মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের কণ্ঠ থেকে বেরিয়ে এসেছে এই ক্ষোভ।
অপ্রতিমের বাড়িতে এখন কান্না আর হাহাকার। যে ঘরে একসময় ছিল একমাত্র সন্তানের হাসি, দুষ্টুমি আর ছোটাছুটি, সেই ঘরেই এখন নেমে এসেছে শোকের নিস্তব্ধতা। দেয়ালে টাঙানো ছবিতে হাসছে অপ্রতিম। সেই হাসিমুখের দিকে তাকিয়ে কখনো কান্নায় ভেঙে পড়ছেন মা, কখনো নির্বাক হয়ে বসে থাকছেন বাবা কে এম ফিরোজ শাহরিয়ার।
সন্তানের মৃত্যুর শোক ও ক্ষোভ প্রকাশ করতে গিয়ে নাহিদা বেগম বলেন, “আমি ফাঁসি চাই না, দেশটা তলিয়ে যাক, এ দেশটা ধ্বংস হয়ে যাক। এ দেশের দরকার নাই”।
একটি আইফোনের জন্য পরিচিতদের হাতে নিজের ১৩ বছরের সন্তানকে এমন নির্মমভাবে প্রাণ দিতে হবে- এই বাস্তবতা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি।
যে ফোনটি ভালোবাসার, সেটিই হলো মৃত্যুর কারণ
অপ্রতিমের ব্যবহৃত আইফোনটি ছিল তার মায়ের। পুলিশের ভাষ্য, ওই ফোনটি ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা থেকেই অপ্রতিমকে কৌশলে বাসা থেকে ডেকে নেওয়া হয়।
শুক্রবার বিকালে তাকে লালমাই পাহাড়ের পাদদেশের একটি নির্জন জঙ্গলে নিয়ে যাওয়া হয়। সেখানে ৫টা থেকে ৬টার মধ্যে আইফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হলে বাধা দেয় অপ্রতিম। এসময় তার সঙ্গে বাকিদের ধস্তাধস্তি হয়।
অপ্রতিম হত্যায় আটকদের জিজ্ঞাসাবাদের বরাতে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, “অপ্রতিমকে কৌশলে হত্যা সংঘটিত হওয়ার স্থানে নেওয়া হয়। পরে তার মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করা হয়। পিটিয়ে ফেলে রাখা হয়। সেখানেই অপ্রতিমের মৃত্যু হয়”।
তিনি জানান, মৃত্যু নিশ্চিতের পর অপ্রতিমের কাছ থেকে আইফোনটি নিয়ে সেখান থেকে চলে যায় তারা। পুলিশের দাবি, পরে তুহিনের কাছ থেকেই অপ্রতিমের ব্যবহৃত আইফোনটি উদ্ধার করা হয়েছে।
‘আমার সন্তানকে ফিরিয়ে দিন’
সন্তান নিখোঁজ হওয়ার পর অপ্রতিমকে ফিরে পাওয়ার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে আকুতি জানিয়েছিলেন তার মা। তখনও তিনি জানতেন না, তার সন্তান আর কোনোদিন ঘরে ফিরবে না। মায়ের সেই আকুতি শেষ পর্যন্ত পরিণত হয়েছে বুকভাঙা কান্নায়।
অপ্রতিমের ছবি, তার ব্যবহৃত জিনিসপত্র আর সন্তানের সঙ্গে কাটানো মুহূর্তগুলো এখন পরিবারের একমাত্র স্মৃতি। একমাত্র সন্তানকে হারিয়ে বাবা কে এম ফিরোজ শাহরিয়ারও নির্বাক। স্বজনরা সান্ত্বনা দিতে গিয়ে নিজেরাই কান্নায় ভেঙে পড়ছেন।
মায়ের আকুতি- ‘বাবা, আমরা এখন কেমনে বাঁচবো?’ এই প্রশ্নের কোনো উত্তর নেই পরিবারের কাছে।
জঙ্গলে মিলল সন্তানের নিথর দেহ
অপ্রতিম নিখোঁজ হওয়ার পর তাকে খুঁজতে শুরু করে পরিবার। একপর্যায়ে লালমাই পাহাড়ের পাদদেশের একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয় তার নিথর দেহ। তবে সঙ্গে পাওয়া যায়নি আইফোনটি।
শুরু থেকেই পরিবারের ধারণা ছিল, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার জন্যই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তদন্তে সেই ধারণার প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ।
সিসিটিভি ফুটেজে শনাক্ত, গ্রেপ্তার ৪
অপ্রতিম হত্যার ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সানন্দা গ্রামের নূরে আলমের ছেলে সাইফুল ইসলাম তুহিন (১৯), একই উপজেলার সালমানপুরের মনির হোসেনের ছেলে মোজাম্মেল হোসেন ফাহাদ (১৬), সুধন্যপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে মো. সিয়াম (১৫) এবং কুমিল্লা সদর উপজেলার আবদুল কুদ্দুসের ছেলে কামরুল হাসান (১৫)।
পুলিশ সুপার জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রথমে তুহিনকে শনাক্ত করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে অন্যদের গ্রেপ্তার করা হয়। তুহিনের কাছ থেকেই অপ্রতিমের ব্যবহৃত আইফোনটি উদ্ধার করা হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, তুহিন মেসেজ পাঠিয়ে অপ্রতিমকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে নির্জন স্থানে নিয়ে আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। অপ্রতিম এতে বাধা দিলে তাকে বাঁশের লাঠি দিয়ে আঘাত করা হয়।
পুলিশ বলছে, হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত ছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
শেষ বিদায়ে মানুষের ঢল
অপ্রতিমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর কুমিল্লাজুড়ে নেমে আসে শোকের ছায়া। রবিবার সকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে দ্বিতীয় জানাজা শেষে কোটবাড়ি গন্ধমতির বাগমারা কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজায় অপ্রতিমের স্বজন, শিক্ষক-শিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।