× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইফোন নিতে অপ্রতিমকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা: পুলিশ

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৫:১২ পিএম

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৪৩ পিএম

অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। ছবি: সংগৃহীত

অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। ছবি: সংগৃহীত

হাতে থাকা আইফোন ছিনিয়ে নিতেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যা করা হয়। তাকে বাঁশ দিয়ে পিটেয়ে মেরেছে তার সিনিয়র বন্ধুরা।

রবিবার দুপুরে অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

অপ্রতিম হত্যায় আটকদের জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ সুপার বলেন, অপ্রতিমকে কৌশলে হত্যা সংঘটিত হওয়ার স্থানে নেওয়া হয়। পরে তার মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করা হয়। পিটিয়ে ফেলে রাখা হয়। সেখানেই অপ্রতিমের মৃত্যু হয়।

পুলিশ সুপার বলেন, “শুক্রবার বিকালে ওই জঙ্গলে আইফোন ছিনিয়ে নিতে গেলে অপ্রতিম তাদের বাধা দেয়। এতে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এরপর প্রথমে তুহিন, পরে ফাহাদ ও কামরুল বাঁশের শক্ত লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। মৃত্যু নিশ্চিত হলে ফোন নিয়ে ঘটনাস্থল থেকে তারা পালিয়ে যায়।”

পুলিশ সুপার বলেন, “এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।” মৃত্যু নিশ্চিত হওয়ার পর অপ্রতিমের ব্যবহৃত আইফোন নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

পুলিশের ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সানন্দা গ্রামের নূরে আলমের ছেলে সাইফুল ইসলাম তুহিন (১৯), সালমানপুরের মনির হোসেনের ছেলে মোজাম্মেল হোসেন ফাহাদ (১৬), সুধন্যপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে মো. সিয়াম (১৫) এবং কুমিল্লা সদর উপজেলার আবদুল কুদ্দুসের ছেলে কামরুল হাসান (১৫)।

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রথমে তুহিনকে শনাক্ত করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। তুহিনের বিরুদ্ধে মোটরসাইকেল চুরিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

পুলিশ সুপার বলেন, তুহিনই অপ্রতিমকে মেসেজ পাঠিয়ে বাসা থেকে বাইরে নিয়ে যায়। পরে তাকে পরিকল্পিতভাবে হত্যার স্থানে নেওয়া হয়। অপ্রতিমের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আইফোনটি তুহিনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।

তদন্তসংশ্লিষ্টরা জানান, অপ্রতিমের সঙ্গে অভিযুক্তদের আগে থেকেই পরিচয় ও সখ্য ছিল। তারা একসঙ্গে চলাফেরা ও ওঠাবসা করত। এই পরিচিতির সুযোগ নিয়েই অপ্রতিমকে কৌশলে বাসা থেকে বের করে আনা হয়।

অপ্রতিম নিখোঁজ হওয়ার পর তার সন্ধানে তদন্ত শুরু করে পুলিশ। বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তুহিনের গতিবিধি শনাক্ত করা হয়। পরে তার দেওয়া তথ্য ও অন্যান্য তদন্ত-তথ্যের ভিত্তিতে ফাহাদ, সিয়াম ও কামরুলকে গ্রেপ্তার করা হয়।

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি ফেসবুক পোস্টও তদন্তের আওতায় এসেছে। এ ছাড়া হত্যাকাণ্ডের সঙ্গে গ্রেপ্তার চারজনের বাইরে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানিয়েছেন, তদন্তে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

একমাত্র সন্তানকে হারিয়ে শোকস্তব্ধ অপ্রতিমের পরিবার। পরিচিতজনদের সঙ্গে বাইরে গিয়ে আর বাসায় ফিরে না আসায় পরিবারের মধ্যে উদ্বেগ তৈরি হয়। পরে তার মরদেহ উদ্ধারের ঘটনায় পরিবারে নেমে আসে শোকের ছায়া।

মাত্র ১৩ বছর বয়সী অপ্রতিমকে পরিচিতদের মাধ্যমে ডেকে নিয়ে একটি মোবাইল ফোনের জন্য হত্যার ঘটনায় এলাকায়ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের পুরো ঘটনা এবং জড়িতদের ভূমিকা আরও স্পষ্ট হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা