× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জৌলুশহীন হয়ে পড়েছে গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান

তানভীর আহমেদ, গাজীপুর

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৫:১০ পিএম

গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের সিংহ দুয়ার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের সিংহ দুয়ার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

একটা সময়  হাজারো মানুষের পদচারণায় প্রতিদিন মুখর থাকতো গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান। ছুটির দিনে মানুষের ঢল নামতো শালবনের এই সবুজ রাজ্যে। 

আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব নাটক-সিনেমার শুটিং সব মিলিয়ে জমজমাট থাকত পুরো এলাকা। রাজধানী ঢাকা ছাড়াও সারা দেশের মানুষের কাছে ভাওয়াল জাতীয় উদ্যান ছিল বিশেষ আকর্ষণের কেন্দ্র। কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে ভাওয়াল জাতীয় উদ্যানের চিত্র। 

একসময় যেস্থানে ছিল হাজারো দর্শনার্থীর পদচারণা। সেটা আজ নিষ্প্রাণ। নেই দর্শনার্থী, পিকনিক পার্টি,  সিনেমার শুটিং। নষ্ট হয়ে পড়ে আছে শিশু পার্কের রাইড, বন্ধ ক্যান্টিন, ব্যবহার অনুপযোগী অধিকাংশ টয়লেট ও বিশ্রামাগার। তীব্র পানির সংকট। লেকের পানিতে ময়লা-আবর্জনা, ভাঙা সিঁড়ি ও অচল নৌযানও চোখে পড়ে।  সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে নিরাপত্তাহীনতা।

ফলে ৫ হাজার ২২২ দশমিক ২৯ হেক্টরের এ জাতীয় উদ্যানের বিপুল পর্যটন সম্ভাবনা থাকলেও দিন দিন কমছে দর্শনার্থী। বন বিভাগের কর্মকর্তারাও স্বীকার করছেন, জনবল সংকটের কারণে বিশাল উদ্যানের সব অংশে নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।

সংশ্লিষ্টদের মতে, সরকারি ব্যবস্থাপনায় পর্যটন সুবিধা কমে যাওয়ার সুযোগে আশপাশে গড়ে ওঠা বেসরকারি রিসোর্ট ও পিকনিক স্পটগুলো দর্শনার্থীদের আকর্ষণ করছে। এতে একদিকে ভাওয়াল জাতীয় উদ্যান তার পুরোনো ঐতিহ্য হারাচ্ছে, অন্যদিকে সরকারও হারাচ্ছে রাজস্ব।

সরেজমিনে ভাওয়াল জাতীয় উদ্যানে গিয়ে দেখা যায়, বিশাল এ উদ্যানের ব্যবস্থাপনার জন্য জনবল রয়েছে মাত্র ১৪ জন। ছয়টি প্রবেশদ্বার থাকলেও বর্তমানে সেখানে স্বচল রয়েছে মাত্র একটি। উদ্যানের ভেতরে শিশুদের জন্য থাকা পার্কটির অবস্থাও বেশ নাজুক। বিভিন্ন জায়গায় লতাপাতা ও জঙ্গল। অধিকাংশ রাইড ভাঙা ও ব্যবহার অনুপযোগী। উদ্যানের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি বিশ্রামাগার থাকলেও বেশির ভাগই ব্যবহার অনুপযোগী। বসার উপযুক্ত স্থান নেই, ময়লা আবর্জনায় ঢেকে আছে। অধিকাংশই শ্যাওলাযুক্ত জঙ্গল ও লতাপাতায় ঢেকে গেছে।

কোনো কোনো বিশ্রামাগারের ছাদও নষ্ট। একই অবস্থা টয়লেটগুলোর। প্রায় সবগুলো টয়রেটের দরজা জানালা ভাঙা, দীর্ঘদিন ব্যবহার না করায় ঘাস লতাপাতায় ঢেকে গেছে। প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম আকর্ষণ লেকগুলোও হারিয়েছে আগের আবেদন। কোথাও পানিতে ময়লা-আবর্জনা জমে আছে। লেকের সিঁড়িতে শ্যাওলা পড়ে পিচ্ছিল হয়ে গেছে। কোথাও সিঁড়ি ভেঙে গেছে। একসময় লেকে স্পিডবোট ও নৌযানে ঘোরার সুযোগ থাকলেও এখন অনেক নৌযান অচল। কিছু নৌযান সচল থাকলেও সেগুলো পরিচালনার জন্য পর্যাপ্ত লোকবল নেই। ফলে দর্শনার্থীরা লেকভ্রমণের সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি রয়েছে জোঁকের অত্যাধিক উপদ্রব। 

এসবের সঙ্গে সাম্প্রতিককালে যুক্ত হয়েছে বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা। চলতি বছরে উদ্যানের ভেতরে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন বা এসটিএস নির্মাণ নিয়ে বন বিভাগ ও গাজীপুর সিটি করপোরেশনের মধ্যে বিরোধ তৈরি হয়েছে। বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। চলতি বছরের ৪ মে হাইকোর্ট ভাওয়াল জাতীয় উদ্যান ও সংলগ্ন সংরক্ষিত বন এলাকায় বর্জ্য ফেলা এবং এসটিএস নির্মাণসংক্রান্ত কার্যক্রমের ওপর অন্তর্বর্তী নিষেধাজ্ঞা দেন। 

গাজীপুরের কোণাবাড়ী থেকে আসা তিন দর্শনার্থী সোমা ইসলাম, রাখি ও তামান্না বলেন, সমস্যায় পরলে টয়লেটে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। সবচেয়ে বড় কথা এখানে মেয়েদের জন্য নিরাপত্তার অভাব রয়েছে। ছুরি, ছিনতাই অহরহ ঘটছে বলে গেট থেকে আমাদেরকে পার্কের বেশী ভিতরে ঢুকতে মানা করা হয়েছে। 

শ্রীপুর থেকে আগত নবদম্পতি মাইশা ও আশিক বলেন, শুনেছিলাম ভাওয়াল জাতীয় উদ্যানে বাঘ, চিতাবাঘ, হাতি, ময়ূর, মায়া হরিণ ও সম্বর হরিণের মতো প্রাণীও দেখা যায়। কিন্তু আমরা কয়েকটি বানর, সাপ, বেজি ছাড়া তেমন কিছু দেকতে পাইনি।

ভাওয়াল জাতীয় উদ্যানের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, উদ্যানের নিরাপত্তা নিয়ে সমস্যা রয়েছে। রাজেন্দ্রপুর থেকে মাস্টারবাড়ী পর্যন্ত বিভিন্ন এলাকায় দিনের পাশাপাশি রাতেও অপ্রীতিকর ঘটনা ঘটছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, আমাদের যে জনবল প্রয়োজন বর্তমানে কিন্তু আমাদের সেই জনবল নেই। আমাদের জনবল খুবই কম। যার ফলে আমরা ওইভাবে নিরাপত্তা দিতে পারছি না। জনবল বাড়ানো এবং নিরাপত্তা জোরদারের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে দর্শনার্থীদের নিরাপত্তা বাড়ানোর চেষ্টা চলছে। সরকারি নিষেধাজ্ঞার কারণে উদ্যানের ভেতরে আগুন জ্বালিয়ে রান্না করার সুযোগও নেই। ফলে পিকনিক করতে আসা দলগুলো নিজেদের খাবার রান্না করতে পারে না। আবার উদ্যানে পর্যাপ্ত খাবারের দোকানও নেই। তিনি আরও জানান, দর্শনার্থী কমে যাওয়ায় ক্যান্টিনটি বন্ধ রয়েছে। জনবল বাড়লে ক্যান্টিন চালু করা সম্ভব হবে। পাশাপাশি পানির লাইনের সমস্যার কারণে ভেতরের বিভিন্ন স্থাপনাতেও পানি সরবরাহ ব্যাহত হচ্ছে।

এত সমস্যার পরও ভাওয়ালের সম্ভাবনা বিশাল। রাজধানী ঢাকার খুব কাছে হওয়ায় কম খরচে একদিনে ঘুরে আসা যায়। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে হওয়ায় যোগাযোগও সহজ। ভাওয়ালকে আধুনিক ইকোট্যুরিজম কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারলে স্থানীয় মানুষের কর্মসংস্থান, ক্ষুদ্র ব্যবসা, পরিবহন, খাবার ও পর্যটনসংশ্লিষ্ট অন্যান্য খাতেও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ার সম্ভাবনা ছোট করে দেখার সুযোগ নেই। 

এবিষয়ে জানতে চাইলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও  ফরেস্টি এন্ড এনভায়রনমেন্ট ফেকাল্টির  ডীন অধ্যাপক ড.আবিয়ার রহমান বলেন, যে কোনো দেশের জন্য ন্যাশনাল পার্ক শুধুমাত্র  একটি রিজার্ভ এরিয়া নয়, এটা সরকারের একটি রেভিনিও অর্জনেরও একটি জায়গা। আমাদের দেশে যেটা সমস্যা হয়, সরকার রেভিনিও কালেকশন করেন ঠিকই কিন্ত মেনেজম্যান্ট ঠিকমত হয় না। এটা না হলে সারভাইভ করবে না। এটার জন্য ইনভেস্ট করতে হবে। একই সঙ্গে পরিবেশের বিষয়টিও মাথায় রাখতে হবে। তাছাড়াও লোকাল কমিউনিটিকেও যুক্ত করতে হবে। এটার জন্য সরকার বা বনবিভাগের উচিত ইকো ট্যুরিজম নিয়ে যারা কাজ করে, রিসোর্ট মালিক,  স্টুডেন্ট এবং স্থানীয় জনপ্রতিনিধিদের যুক্ত করে সবাইকে নিয়ে আলোচনা করে তাদের রিকমেন্ডশন নিয়ে সেভাবে ব্যবস্থা নেওয়া।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা