মহিলা বিষয়ক দপ্তরে ভোগান্তি
হাবিবুর রহমান হাবীব, রাজারহাট (কুড়িগ্রাম)
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৫০ পিএম
ফাইল ছবি
কুড়িগ্রামে মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কার্যক্রমে একজন কর্মকর্তার ওপর একাধিক দায়িত্ব এবং জনবল সংকটের প্রভাব পড়ছে।
রাজারহাট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানী একই সঙ্গে কুড়িগ্রাম জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব), প্রোগ্রাম অফিসার (অতিরিক্ত দায়িত্ব), কুড়িগ্রাম সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এবং ফুলবাড়ী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করছেন।
এতে বিভিন্ন দপ্তরের নিয়মিত প্রশাসনিক কাজ, চিঠিপত্রে সই, সভা ও সিদ্ধান্ত গ্রহণের কাজে চাপ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন।
রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিনে রাজারহাট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও কুড়িগ্রাম জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয়ে গিয়ে জয়ন্তী রানীকে পাওয়া যায়নি। রাজারহাট কার্যালয়ে বিভিন্ন কাজে আসা সেবাগ্রহীতাদের কয়েকজনকে কর্মকর্তার সইয়ের অপেক্ষায় থাকতে দেখা যায়।
জানা গেছে, জয়ন্তী রানীর মূল দায়িত্ব রাজারহাট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। তার বেতন-ভাতাও রাজারহাট কার্যালয় থেকে দেওয়া হয়। এর পাশাপাশি তিনি কুড়িগ্রাম জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ও প্রোগ্রাম অফিসারের অতিরিক্ত দায়িত্ব এবং কুড়িগ্রাম সদর ও ফুলবাড়ী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।
এর আগে তিনি ভূরুঙ্গামারী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বেও ছিলেন। গত ১৩ সেপ্টেম্বর ওই দায়িত্ব হস্তান্তর করেন তিনি।
রাজারহাট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এখানে অনুমোদিত পদ রয়েছে ১০টি। এর মধ্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা একজন, হিসাবরক্ষক কাম ক্রেডিট সুপারভাইজার একজন, ট্রেড শিক্ষক তিনজন, ডে-কেয়ার ইনচার্জ একজন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর একজন এবং অফিস সহায়ক তিনজন। বর্তমানে পাঁচটি পদ শূন্য রয়েছে।
অন্য পাঁচটি পদের মধ্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানী একাধিক দায়িত্বে রয়েছেন। হিসাবরক্ষক কাম ক্রেডিট সুপারভাইজার বাবুল মিয়া ও ট্রেড শিক্ষক রেজিয়া খাতুন রাজারহাটে দায়িত্ব পালন করছেন। অফিস সহায়ক মিয়াজুল ইসলামের পদ ও বেতন রাজারহাট কার্যালয়ের হলেও তিনি বর্তমানে রৌমারী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে সংযুক্ত রয়েছেন। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আলমগীর হোসেন গত ১৩ সেপ্টেম্বর রাজারহাটে যোগদান করলেও পরে নীলফামারীর ডিমলা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে ফিরে যান।
জানা গেছে, আগামী অক্টোবর মাসে ডিমলা থেকে অবমুক্ত হওয়ার পর তিনি রাজারহাটে নিয়মিত দায়িত্ব পালন করবেন।
রাজারহাট কার্যালয়ের হিসাবরক্ষক কাম ক্রেডিট সুপারভাইজার বাবুল মিয়া বলেন, জয়ন্তী রানী ম্যাডাম কখন কোথায় কাজে থাকেন, আমরাই সঠিকভাবে বলতে পারি না। কারণ ওনার কাঁধে অনেক দায়িত্ব।
কুড়িগ্রাম জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাবরক্ষক কাম ক্রেডিট সুপারভাইজার বলেন, খুব কষ্টে আছি। যেকোনো চিঠিতে সই, বিভিন্ন মিটিং, কোনো বিষয় ঠিক করার বিষয়- সবকিছু মিলিয়ে আমরা খুব কষ্টে আছি। একজনকে দিয়ে এভাবে তো কাজ করা যাচ্ছে না।
রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গার কুলসুম বেগম, সদর ইউনিয়নের মুক্তা বেগম ও সেবাগ্রহীতা ইউনুস আলীর সঙ্গে কথা বলে জানা যায়, প্রয়োজনীয় কাজ নিয়ে অফিসে এসে অনেক সময় কর্মকর্তার সইয়ের জন্য অপেক্ষা করতে হয়। কর্মকর্তা না থাকলে কাজ শেষ না করেই ফিরে গিয়ে পরে আবার অফিসে আসতে হয়।
মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন, সামাজিক সুরক্ষা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয়ের মাধ্যমে এসব কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে জয়ন্তী রানীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। রাজারহাট উপজেলা ইউএনও তানজিলা তাসনিমের মোবাইল ফোনেও একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
একজন কর্মকর্তার ওপর জেলা ও একাধিক উপজেলার অতিরিক্ত দায়িত্ব, রাজারহাট কার্যালয়ে অনুমোদিত ১০ পদের পাঁচটি শূন্য থাকা এবং কয়েকজন পদধারীর অন্যত্র সংযুক্তির কারণে মহিলা বিষয়ক অধিদপ্তরের মাঠপর্যায়ের কার্যক্রমে চাপ তৈরি হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, শূন্য পদে দ্রুত জনবল পদায়ন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মীদের নিজ নিজ কর্মস্থলে কার্যকর উপস্থিতি নিশ্চিত করা গেলে সেবাগ্রহীতাদের ভোগান্তি কমার পাশাপাশি দাপ্তরিক কার্যক্রমও আরও গতিশীল হবে।