সুনামগঞ্জ মেডিক্যাল কলেজ
জোসনা জামান
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৪:০৭ পিএম
সুনামগঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। ছবি: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
আড়াই বছরে শেষ করার লক্ষ্য নিয়ে শুরু হওয়া সুনামগঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্পে এখন সময় লাগছে প্রায় ৯ বছর। কয়েক দফা মেয়াদ বাড়ানোর পর এবার আরও এক বছর সময় দেওয়ার সুপারিশ করেছে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)। তবে এ সময়ের পর আর মেয়াদ বাড়ানো যাবে নÑ এমন শর্তসহ ১২টি শর্ত দিয়েছে সংস্থাটি।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা যায়, প্রকল্পটির মূল অনুমোদিত মেয়াদ ছিল ২০১৮ সালের নভেম্বর থেকে ২০২১ সালের জুন পর্যন্ত। প্রথমবার ব্যয় না বাড়িয়ে মেয়াদ তিন বছর বাড়িয়ে ২০২৪ সালের জুন পর্যন্ত করা হয়। পরে প্রথম সংশোধনীর মাধ্যমে প্রকল্পের ব্যয় প্রায় ১০০ কোটি টাকা কমানো হলেও মেয়াদ আরও এক বছর বাড়িয়ে ২০২৫ সালের জুন পর্যন্ত করা হয়। কাজ শেষ না হওয়ায় এরপর ব্যয় না বাড়িয়ে আরও এক বছর অর্থাৎ ২০২৬ সালের জুন পর্যন্ত সময় দেওয়া হয়। এবার ২০২৭ সালের জুন পর্যন্ত আরও এক বছর বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
প্রকল্পটির মূল ব্যয় ছিল ১ হাজার ১০৭ কোটি ৮৭ লাখ টাকা। প্রথম সংশোধনীর পর তা কমিয়ে ১ হাজার ৯৪ কোটি ১৭ লাখ টাকা করা হয়। স্বাস্থ্যসেবা বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, প্রকল্পটির আর্থিক অগ্রগতি ৬৫ শতাংশ, পূর্তকাজের অগ্রগতি ৯৮ দশমিক ৯৭ শতাংশ এবং সার্বিক অগ্রগতি ৮২ শতাংশ।
মেয়াদ বাড়ানোর প্রস্তাব পাওয়ার পর সরেজমিন পরিদর্শন করে আইএমইডি। এরপর এক বছর সময় বাড়ানোর সুপারিশের সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে সব কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়। বর্ধিত সময়ের মধ্যে অবশিষ্ট কাজ শেষ করতে সময়ভিত্তিক পরিকল্পনা করে আইএমইডিকে জানাতে হবে। একই সঙ্গে পর্যাপ্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচির বরাদ্দ নিশ্চিত, প্রকল্পের গতি বাড়ানো এবং নিয়মিত অগ্রগতি প্রতিবেদন দেওয়ার শর্ত রয়েছে।
উন্নয়ন প্রকল্প প্রস্তাব অনুযায়ী প্রকল্প বাস্তবায়ন কমিটি ও প্রকল্প পরিচালনা কমিটির সভা নিয়মিত আয়োজনের কথাও বলা হয়েছে। বরাদ্দের অর্থ যথাযথভাবে ব্যবহার, নিয়মিত নিরীক্ষা সম্পন্ন করে সংশ্লিষ্ট দপ্তরকে জানানো এবং প্রকল্পের আওতায় কেনা সামগ্রীর সঠিক ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে। নির্মাণসামগ্রী যথাযথভাবে সংরক্ষণ এবং রড, সিমেন্ট, বালু ও পাথরের নিয়মিত পরীক্ষাগার পরীক্ষা করার শর্তও রয়েছে।
সরেজমিন পরিদর্শনে নির্মাণ শ্রমিকদের নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করতে না দেখার বিষয়টি উল্লেখ করে আইএমইডি শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি ই-পিএমআইএস সফটওয়্যার ও প্রকল্পের নথি নিয়মিত হালনাগাদ করতে বলা হয়েছে। একনেকের ৯ জুনের সিদ্ধান্ত অনুযায়ী ভবনে দেশে তৈরি টাইলস, লিফটসহ নির্মাণসামগ্রী ব্যবহারের কথাও বলা হয়েছে।
আইএমইডির সাবেক সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ বাড়ানোর প্রবণতা থেকে বেরিয়ে আসা প্রয়োজন। সুনামগঞ্জ মেডিক্যাল কলেজ প্রকল্পে কেন এতবার সময় বাড়াতে হয়েছে, তা খতিয়ে দেখা দরকার। পাশাপাশি আইএমইডির শর্তগুলো যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কঠোর নজরদারি প্রয়োজন। তার মতে, সময়মতো প্রকল্প শেষ না হলে প্রত্যাশিত সুফল পিছিয়ে যায় এবং ব্যয় বাড়ার আশঙ্কা থাকে”।
স্বাস্থ্যসেবা বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, সুনামগঞ্জ ও আশপাশের এলাকার মানুষের আধুনিক ও বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করতেই প্রকল্পটি নেওয়া হয়েছে। করোনা মহামারি ও সময়মতো অর্থ বরাদ্দ না পাওয়াসহ বিভিন্ন বাস্তব কারণে কাজ পিছিয়েছে। তবে বর্ধিত সময়ের মধ্যেই প্রকল্পটি শেষ করার আশা করছে সংশ্লিষ্ট বিভাগ।
প্রকল্পের আওতায় নবম তলা মেডিক্যাল অ্যাকাডেমিক একাডেমিক ভবন, আটতলা ৫০০ শয্যার হাসপাতাল, ছাত্রাবাস, নার্সিং কলেজ ও হোস্টেল, ইন্টার্ন চিকিৎসকদের আবাসন, মসজিদ, টিচিং মর্গ, মিলনায়তন ও সীমানাপ্রাচীরসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। এখন আইএমইডির শর্ত অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে এসব কাজ শেষ করাই প্রকল্পটির সামনে প্রধান কাজ।