× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুবি এলাকায় ছাত্র হত্যাকাণ্ড

মামলায় বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী আসামি

খুলনা অফিস

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৩৪ পিএম

 নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের নিহত শিক্ষার্থী আজমল হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের নিহত শিক্ষার্থী আজমল হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চুরির অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয় এলাকার একটি মেসের ছাদে নিয়ে আজমল হোসেন নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রকে মারধরের পর হত্যার অভিযোগে মামলা হয়েছে। 

মামলায় খুলনা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। নিহতের বাবা কুতুবউদ্দিন শনিবার (১৯ সেপ্টেম্বর)  হরিণটানা থানায় দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় মামলাটি করেন। তবে ঘটনার পর থেকে অভিযুক্তদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

নিহত আজমল হোসেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি চুয়াডাঙ্গার দর্শনা এলাকার কুতুবউদ্দিনের ছেলে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর)  দিবাগত রাত ১টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলের (খাজা হল) বিপরীতে ইসলামনগর রোডের একটি চারতলা ভবনের মেসে এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, চুরির অভিযোগে আজমলকে ওই মেসের ছাদে নিয়ে যায় কয়েকজন। সেখানে তাকে মারধর করা হয়। রাত ১টা ৩৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দেওয়া কয়েকজন গুরুতর আহত আজমলকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। তবে হাসপাতালে নেওয়ার পর তাকে বহনকারী ব্যক্তিরা দ্রুত সেখান থেকে চলে যায়।

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের জরুরি বিভাগের এক চিকিৎসক জানান, আজমলের সারা শরীরে আঘাতের চিহ্ন ছিল। দুই পা ভাঙা ছিল। হাসপাতাল সূত্রের ভাষ্য, মাথার চুলও এক পাশ দিয়ে কাটা ছিল। এসব আঘাতের ধরন ও কীভাবে সেগুলো হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয়।

নিহতের বাবা কুতুবউদ্দিনের অভিযোগ, চুরির অপবাদ দিয়ে তার ছেলেকে নির্যাতন করা হয়েছে। তিনি বলেন, আজমলের রুমমেটরা ফোন করে এক লাখ টাকা নিয়ে আসতে বলেছিলেন তাকে। টাকা দিলে ঝামেলা মিটে যাবে বলেও জানানো হয়। পরে আজমলের ফোন বন্ধ পাওয়া যায়। স্থানীয়দের কেউ কেউ অভিযোগ করেছেন, তার কাছে চাঁদাও দাবি করা হয়েছিল।

সরেজমিনে ওই মেসে গিয়ে দেখা যায়, আটটি কক্ষের সাতটিই তালাবদ্ধ। ডি-৮ নম্বর কক্ষে থাকতেন আজমল। ডি-১ কক্ষে থাকা খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লাবিব বিশ্বাস রাসেল বলেন, চুরির অভিযোগে মেহেদীসহ কয়েকজন আজমলকে ছাদে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করা হয়। তবে তার মৃত্যু কীভাবে হয়েছে, তা তিনি স্পষ্ট করে বলতে পারেননি।

ছাদে গিয়ে দেখা যায়, এক পাশে অনেক মানুষের পায়ের চাপে ধূলাবালি ও ছ্যাদলা সরে যাওয়ার চিহ্ন রয়েছে। স্থানীয় এক বাড়ির মালিকও রাতে ছাদে আজমলকে মারধর করতে দেখেছেন বলে জানান। পরে তাকে নিচে পড়ে থাকতে দেখা যায়। তিনি পানি চাইলে তাকে পানি দেওয়া হয়।

হরিণটানা থানার ওসি ইকবাল হোসেন বলেন, চুরির অভিযোগে ঝামেলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আজমলকে ধরে নিয়ে মারধর করা হয়েছিল। 

শনিবার দুপুরের পর ময়নাতদন্ত শেষে আজমলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। পরে মরদেহ চুয়াডাঙ্গায় নিয়ে যাওয়া হয়। মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা