× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রামগতিতে ঠিকাদারের দখলে স্কুল ও মাদ্রাসার মাঠ

এম এ এহসান রিয়াজ, রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর)

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৩:১৪ পিএম

চর আফজল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চর আফজল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

লক্ষ্মীপুরের রামগতিতে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ দখল করে সড়কের নির্মাণসামগ্রী ফেলে রাখার গুরুতর অভিযোগ উঠেছে অপরুপ দাস নামে এক ঠিকাদারের বিরুদ্ধে।

সাত মাস ধরে মাঠজুড়ে ইট ও খোয়ার স্তূপ ফেলে রাখায় শিশু শিক্ষার্থীদের খেলাধূলা, সমাবেশ ও স্বাভাবিক চলাচল বন্ধ হয়ে গেছে। শিক্ষার্থীদের সমস্যার বিষয়টি ঠিকাদারকে জানানো হলে বিদ্যালয়টির প্রধান শিক্ষককে হেনস্তা করার অভিযোগও উঠেছে ওই ঠিকাদারের লোকজনের বিরুদ্ধে।

রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের চরআফজল গ্রামের চরআফজল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মোহছেনা বেগম নুরানী মাদ্রাসা প্রাঙ্গণে এ ঘটনা ঘটেছে ।

অভিযুক্ত ব্যক্তির নাম অপরুপ দাস। তিনি রামগতি পৌরসভা বিএনপির সহসভাপতি এবং ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নীলিমা ট্রেডার্সের স্বত্বাধিকারী।

শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ দখল করে রাখায় ক্ষোভ ফুঁসছেন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকাবাসী। তারা দ্রুত মাঠ খালি করে শিক্ষার্থীদের স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে দেওয়া দাবি জানিয়েছেন, যাতে তারা পড়াশোনা ও খেলাধূলার সুযোগ পায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, চরআফজল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মোহছেনা বেগম নুরানী মাদ্রাসার মধ্যবর্তী সুবিশাল মাঠে ইট ও খোয়া স্তূপ করে রাখা হয়েছে। মাঠের বেশির ভাগ অংশই ঠিকাদারের নির্মাণসামগ্রীতে ঢেকে আছে। ফলে কোমলমতি শিক্ষার্থীদের ছোটাছুটি বা খেলাধূলার কোনো সুযোগ নেই।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, উপজেলার গাজী লক্ষ্মী সংযোগ সড়কের আছিয়া মার্কেট থেকে খুশরু মিয়ার মৎস্য খামার পর্যন্ত ১ কিলোমিটার সড়ক পাকা করার জন্য এক কোটি ১৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কাজের কার্যাদেশ পেয়েছে মেসার্স নীলিমা ট্রেডার্স।

স্থানীয়দের অভিযোগ, কাজ পাওয়ার পর ঠিকাদার অপরুপ দাস নিজে কাজ শুরু করেননি। উল্টো বেশি লাভে কাজ বেচার জন্য (সাব-কন্ট্রাক্ট) দরদাম শুরু করেন। দরদামে বনিবনা না হওয়ায় সাত মাস কাজ বন্ধ রেখে নির্মাণসামগ্রী শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে স্তূপ করে রেখেছেন তিনি।

মাঠে খেলাধূলা করতে না পেরে ক্ষোভ জানান শিক্ষার্থী আরাফাত, সামিহা, পিয়াসাসহ অসংখ্য ছাত্রছাত্রী।  তাদের ভাষ্য, আমরা দীর্ঘদিন ধরে টিফিনের সময়ে খেলতে পারি না। হেঁটে চলাচলেও কষ্ট হয়। আমরা দ্রুত মাঠ খালি করার দাবি জানাচ্ছি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইফুল ইসলাম বিপ্লব বলেন, ক্ষমতার প্রভাব দেখিয়ে অপরুপ দাস মাঠ দুটি দখল করে রেখেছেন। সম্প্রতি এলাকায় দুজন মারা গেলে মাঠের এই দশার কারণে এখানে জানাজা পড়ানো সম্ভব হয়নি।

চর আফজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবির চন্দ্র দে বলেন, মাঠে ইট খোয়া রাখায় শিক্ষার্থীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। আমি বাধা দিতে গেলে তিনি রাজনৈতিক ক্ষমতার দাপট দেখান। এমনকি পরবর্তী সময়ে কিছু লোক পাঠিয়ে আমাকে সামাজিকভাবে হেনস্তা ও অপমান করা হয়।

অভিযোগ স্বীকার করে ঠিকাদার অপরুপ দাস বলেন, সড়কটির কাজ ১৫ লাখ টাকায় অন্য এক ঠিকাদারের কাছে বেচার কথা চলছে। ভালো দাম পেলেই বেচে দেব। বিকল্প কোনো জায়গা না পাওয়ায় বাধ্য হয়ে স্কুল ও মাদ্রাসার মাঠে মালামাল রাখতে হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে রামগতি উপজেলা ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, বিষয়টি সম্পর্কে আমি কিছু জানি না। দ্রুত খোঁজ-খবর নিয়ে এলজিইডি ও সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা