মা ড. নাহিদা নাহিদের সঙ্গে অপ্রতিম। ছবি: ফেসবুক থেকে
বিশ্ববিদ্যালয় শিক্ষক নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
কুমিল্লা সদর দক্ষিণ থানায় শনিবার দিনগত রাত সাড়ে ১২টায় মামলাটি দায়ের করেন অপ্রতিমের বাবা কে এম ফিরোজ। তবে মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম। রবিবার দুপুর ২টায় পুলিশ সুপার সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানাবেন বলেও জানিয়েছেন তিনি।
রবিবার সকাল ১০টায় ১০ মিনিটে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় গন্ধমতীতে দ্বিতীয় জানাজা শেষে সোয়া ১১টায় সেখানে তাকে দাফন করা হয়।
মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ হয় ১৩ বছর বয়সী অপ্রতিম। শনিবার দুপুরে কুমিল্লার কোটবাড়ি এলাকার দক্ষিণ মোড়ের দক্ষিণ পাশের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অপ্রতিম বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা নাহিদ ও কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান।
গত শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে সদর দক্ষিণ থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় অপ্রতিম। এরপর আর বাড়ি ফেরেনি সে। বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পেয়ে ওইদিন সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার।
একাধিক সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের সঙ্গে তুহিন নামে এক যুবকের সম্পৃক্ততা থাকতে পারে। ওই যুবকই শুক্রবার বিকাল থেকে অপ্রতিমের সঙ্গে ছিল। সে পুলিশ হেফাজতে রয়েছে। এ ছাড়া আনাস ও ফাহিম নামে আরও দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।