পটুয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫৫ এএম
পটুয়াখালীতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। ছবি: ভিডিও থেকে
পটুয়াখালীতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন।
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের দলুগাজীর মোড়ে শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে সড়ক স্বাভাবিক করার চেষ্টা চালানো হয়।
স্থানীয়রা জানান, তালতলী থেকে ঢাকার উদ্দেশে আসা ইমরান পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চাপায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান। উদ্ধার করা হয় তিনজনের মরদেহ। গুরুতর আহত একজনকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পর সকালে তিনিও মারা যায়।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, নিহতদের মরদেহ পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।