আদমদীঘি (বগুড়া) প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ২২:৫৮ পিএম
আদমদীঘি থানা। ছবি: সংগৃহীত
আদমদীঘিতে বাড়ির খলিয়ানে তারকাঁটার বেড়া দেওয়ার জেরে তিন নারীসহ চারজন মিলে ফরহাদ আলী নামের এক ব্যক্তিকে মারধর করে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে।
এ সময় বাবা ফরহাদকে বাঁচাতে গিয়ে তার ছেলে সাংবাদিক ফিরোজ হোসেন লাঠির আঘাতে আহত হয়েছেন। ফিরোজ মানবজমিনের উপজেলা প্রতিনিধি।
শনিবার সকালে আহত ফিরোজ বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। এর আগে গত শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বিহিগ্রাম কুমারপাড়ায় ঘটনা ঘটে। অভিযোগে জানা গেছে, ঘটনার সময় তাদের বাড়ির খলিয়ানে তারকাঁটার বেড়া দেওয়ার কাজ চলছিল। এ সময় প্রতিবেশী আব্দুর রহমানের নির্দেশে সাথী, আসমা ও রুজিনা তার বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। তার বাবা গালিগালাজ করতে নিষেধ করলে তিন নারী তার বাবার ওপর হামলা করে এলোপাতাড়ি মারধর করেন। এতে তার বাবার মাথায় জখম হয়। বাবাকে বাঁচাতে ফিরোজ এগিয়ে গেলে তাকেও বাঁশের লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে তার মাথায় জখম হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে এলে অভিযুক্তরা ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
আহত ফিরোজ থানায় চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তরা হলেনÑ উপজেলার চাঁপাপুর ইউপির বিহিগ্রাম কুমারপাড়ার সাথী বেগম, বিহিগ্রাম ওস্তাদপাড়ার আসমা বেগম, নওগাঁর রানীনগর উপজেলার বোহার গ্রামের রুজিনা আক্তার ও বিহিগ্রাম কুমারপাড়ার আব্দুর রহমান। আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।