× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই ‘রোগী’

আশরাফ উদ্দীন, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ২২:৪৮ পিএম

সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

একটি জীবন যখন মৃত্যুর ঠিক মুখোমুখি দাঁড়িয়ে ছটফট করে, তখন সেকেন্ডের কাঁটা যেন তলোয়ারের মতো আঘাত করে। কিন্তু চিকিৎসা পাওয়ার সেই আশার প্রদীপ যদি নিভে যায় কেবল একটি নষ্ট এক্স-রে মেশিন কিংবা চিকিৎসকের শূন্য চেয়ারের কারণে, তাহলে এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কী হতে পারে!

পাহাড় ও সমুদ্রের কোলঘেঁষা জনবহুল সীতাকুণ্ডে প্রতিদিন লাখো মানুষের চিকিৎসা পাওয়ার একমাত্র ভরসাস্থল সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সটি নিজেই এখন এক গভীর সংকটে জর্জরিত। চিকিৎসক সংকট, আধুনিক চিকিৎসা সরঞ্জামের অভাব আর দালাল চক্রের কারণে এই অঞ্চলের স্বাস্থ্যসেবা এক বড় প্রশ্নের মুখে পড়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এর আশপাশের গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রগুলোর করুণ চিত্র দেখলে যে কারও বুক কেঁপে উঠবে। প্রতিদিন বহির্বিভাগে শত শত রোগী ভিড় করলেও অর্ধেকের বেশি সময় বিশেষজ্ঞ চিকিৎসকদের দেখা মেলে না। নাক-কান-গলা, অর্থোপেডিক কিংবা হৃদরোগের মতো অতি জরুরি বিভাগের চিকিৎসকের পদগুলো মাসের পর মাস শূন্য পড়ে আছে। অনেক সময় সাধারণ ফিজিশিয়ান দিয়ে জরুরি বিভাগ সামাল দিতে গিয়ে বিপাকে পড়তে হয়। এর ওপর যুক্ত হয়েছে আধুনিক ডায়াগনস্টিক সরঞ্জামের চরম সংকট। কোটি টাকা দামের আল্ট্রাসনোগ্রাফি ও এক্স-রে মেশিনগুলো বছরের পর বছর নষ্ট পড়ে রয়েছে। ফলে গরিব রোগীদের বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার জন্য ছুটতে হয়। 

রোগী ও তাদের স্বজনরা দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন যে, হাসপাতালের কিছু অসাধু ব্যক্তি ও দালাল চক্রের সঙ্গে স্থানীয় বেসরকারি ক্লিনিকের কমিশনভিত্তিক যোগসাজশ রয়েছে। হাসপাতালের পরীক্ষা-নিরীক্ষার মেশিনগুলো ইচ্ছাকৃতভাবে বিকল করে রাখা হয়েছে, যাতে রোগীরা ছুটে যায় ক্লিনিকে। হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার ‍সুযোগ না থাকা, ওষুধ না পাওয়ায় ভীষণ ক্ষুদ্ধ রোগীরা।

প্রসূতি মায়েদের জরুরি সিজারের জন্য প্রয়োজনীয় অপারেশন থিয়েটার থাকলেও অনেক সময় সার্জন সংকটে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। অথচ ভাঙা রাস্তা আর দীর্ঘ যানজটে রোগীকে চমেক হাসপাতালে নেওয়ার পথেই অনেক সময় প্রাণ হারাতে হয়।

স্থানীয় ভুক্তভোগী রোগী রমজান আলী ক্ষোভ জানিয়ে বলেন, গত সপ্তাহে দুর্ঘটনায় পড়ে বাবাকে নিয়ে হাসপাতালে গেলাম। চিকিৎসক দেখে বললেন এক্স-রে করাতে হবে। কিন্তু হাসপাতালের মেশিন নষ্ট। বাধ্য হয়ে বাইরে থেকে তিনগুণ টাকা খরচ করে এক্স-রে করিয়ে এনে দেখি রোগীর অবস্থা আরও খারাপ। সরকারি হাসপাতালে যদি চিকিৎসা না পাই, তবে গরিব মানুষ কোথায় যাবে?

চিকিৎসক ও সরঞ্জামের এমন তীব্র ঘাটতি এবং দালালদের দৌরাত্ম্যে সীতাকুণ্ডের স্বাস্থ্য খাতের মেরুদণ্ড প্রায় ভেঙে পড়ার অবস্থায় রয়েছে। সাধারণ মানুষের ভরসার প্রতীক হয়ে ওঠার কথা যে হাসপাতালটির, সেটি আজ সিন্ডিকেটের আখড়ায় পরিণত হয়েছে। সঠিক সময়ে সঠিক চিকিৎসা না পেয়ে প্রতিদিন শত শত রোগী নিঃস্ব হচ্ছেন। দীর্ঘমেয়াদি এই দুর্ভোগ নিরসনে শুধু আশ্বাস নয়, দ্রুত অবকাঠামোগত উন্নয়ন ও জনবল বাড়ানো ছাড়া বিকল্প কোনো পথ নেই।

স্বাস্থ্য খাতের এই ভঙ্গুর দশা ও সরঞ্জামের ঘাটতির বিষয়ে কথা বলতে গিয়ে উপজেলা স্বাস্থ্য প্রশাসনের কর্তাব্যক্তিরাও সমস্যার কথা স্বীকার করেছেন এবং দ্রুত উত্তরণের আশাবাদ ব্যক্ত করেছেন। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা বলেন, সীতাকুণ্ডে স্বাস্থ্যসেবার মান বাড়াতে আমরা সর্বাত্মক চেষ্টা করছি। চিকিৎসক ও জনবলের কিছু ঘাটতি আছে। ইতোমধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ছাড়া নষ্ট হওয়া মেডিকেল সরঞ্জামগুলোর তালিকা তৈরি করে মেরামতের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি দালাল চক্রের বিরুদ্ধে আমাদের নজরদারি কঠোর করা হয়েছে। খুব দ্রুতই রোগীদের সেবার মান আগের চেয়ে অনেক উন্নত করা হবে বলে আমরা আশা করছি।

প্রশাসনের পক্ষ থেকে নানা প্রতিশ্রুতির বুলি আওড়ানো হলেও মাঠপর্যায়ে সেবার মান বাড়ার দৃশ্যমান কোনো লক্ষণ নেই। সীতাকুণ্ডের মানুষের জীবন বাঁচানোর এই লড়াইয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে স্বাস্থ্যসেবার অধিকার থেকে এখানকার মানুষ বঞ্চিত থেকে যাবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা