সাইদুল ইসলাম মন্টু, বেতাগী (বরগুনা)
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ২২:৪৪ পিএম
বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়ার শেরেবাংলা গ্রামে কালভার্ট নির্মাণ করা হলেও সুপারি গাছ বসিয়ে পার হয় এলাকাবাসী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কালভার্ট নির্মাণ করা হলেও সম্পন্ন করা হয়নি সুরক্ষা দেয়াল ও অন্যান্য আনুষঙ্গিক কাজও। ফলে দীর্ঘদিন ধরে সুপারি গাছ বসিয়ে কালভার্ট পার হচ্ছে দেশের উপকূলীয় জনপদ বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের শেরেবাংলা এলাকার বাসিন্দারা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থবছরে ৩২ লাখ ৬৩ হাজার টাকার প্রকল্পটির মেয়াদ জুনে শেষ হলেও ঠিকাদারের গাফিলতিতে কাজে অনিয়ম ও নির্ধারিত সময়ে সংযোগ সড়ক, সুরক্ষা দেয়ালসহ প্রয়োজনীয় কাজ এখনও শেষ হয়নি। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।
সরেজমিন গিয়ে দেখা যায়, কালভার্টটির এক প্রান্ত জলমগ্ন ও কাজে অনিয়মের আশ্রয় নেওয়ায় বিভিন্ন জায়গায় ফাটল ধরছে, যা জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়েছে। সংযোগ সড়ক না থাকায় বাঁশ ধরে ধরে সুপারি গাছ ব্যবহার করে ঝুঁকি নিয়ে সেতু পার হচ্ছে এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) সঙ্গে যোগাযোগ করা হলেও আশ্বাস ছাড়া দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।
এলাকাবাসীর দাবি, সরকারি অর্থে নির্মিত এই কালভার্টটির কাজ দ্রুত সম্পন্ন করে সংযোগ সড়ক ও সুরক্ষা দেয়াল নির্মাণ করা হোক। একই সঙ্গে কাজে যে অনিয়ম হয়েছে, তা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি তাদের।
বেতাগী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. জহিরুল ইসলাম বলেন, ‘ঠিকাদারের সঙ্গে বারবার যোগাযোগ করা হচ্ছে। কাজের নির্ধারিত সময় শেষ হলেও বর্ষার কারণে কাজ করাতে পারছেন না। যত দ্রুত সম্ভব আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসের মধ্যে সংযোগ সড়কের কাজ সম্পন্ন করা হবে।’ এ ব্যাপারে ঠিকাদার মো. প্রিন্স জানান, কাজে কোনো ধরনের গাফিলতি করা হয়নি। বর্ষার কারণে কাজ করাতে পারছি না। বর্ষা শেষ হলেই আশা করি সংযোগ সড়ক, সুরক্ষা দেয়ালসহ সব কাজ শেষ করতে পারব।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. সাদ্দাম হোসেন বলেন, কাজে অনিয়মের কারণে বিল বন্ধ রাখা হয়েছে। যেসব জায়গায় ফাটল ধরেছে, তা নতুনভাবে কাজ করে দেওয়ার জন্য ঠিকাদারকে সংযোগ সড়কসহ কাজ শেষ করতে তাগাদা দেওয়া হয়েছে। ঠিকমতো কাজ শেষ না হলে বিল দেওয়া হবে না।