× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩৭ বছরেও নতুন ভবন হয়নি, ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান

মাহবুবুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ)

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ২২:৩৭ পিএম

কটিয়াদীর ৮২ নম্বর আদমপুর বেগম আম্বর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জরাজীর্ণ পুরনো ভবনের ছাদ ও পিলার থেকে ইটের আস্তর খসে পড়ছে। এর মধ্যেই ঝুঁকি নিয়ে চলছে বিদ্যালয়ের পাঠদান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কটিয়াদীর ৮২ নম্বর আদমপুর বেগম আম্বর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জরাজীর্ণ পুরনো ভবনের ছাদ ও পিলার থেকে ইটের আস্তর খসে পড়ছে। এর মধ্যেই ঝুঁকি নিয়ে চলছে বিদ্যালয়ের পাঠদান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রতিষ্ঠার ৩৭ বছর পেরিয়ে গেলেও নতুন ভবন পায়নি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের ৮২ নম্বর আদমপুর বেগম আম্বর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। পুরনো ভবনের বিভিন্ন অংশ জরাজীর্ণ হয়ে পড়েছে। ছাদ ও পিলার থেকে ইটের আস্তর খসে পড়ছে। এর মধ্যেই ঝুঁকি নিয়ে চলছে বিদ্যালয়ের পাঠদান।

১৯৮৯ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে দীর্ঘদিনেও নতুন ভবন নির্মাণ না হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের পুরনো অবকাঠামোর ওপরই নির্ভর করতে হচ্ছে। ভবনের বিভিন্ন স্থানে ফাটল ও ক্ষয় দেখা দিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন অভিভাবকরা।

বর্ষা মৌসুমে সংকট আরও প্রকট হয়। বৃষ্টির পানি টিনের চাল ও জানালা দিয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করে। ফলে মেঝেতে পানি জমে যায় এবং ব্যাহত হয় পাঠদান। বৃষ্টির সময় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও বাড়তি সতর্ক থাকতে হয় শিক্ষকদের।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. মাহমুদা খাতুন বলেন, ভবনটি দীর্ঘদিনের পুরনো হওয়ায় বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ছাদ ও পিলার থেকে ইটের আস্তর খুলে পড়ছে। বৃষ্টি হলে শ্রেণিকক্ষে পানি ঢুকে যায়। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত নতুন ভবন নির্মাণ প্রয়োজন।

বিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যার পাশাপাশি মাঠেও রয়েছে জলাবদ্ধতা। বৃষ্টি হলেই মাঠে পানি জমে যায়। পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দীর্ঘ সময় ধরে তা জমে থাকে। এতে শিক্ষার্থীদের খেলাধুলা, সমাবেশসহ স্বাভাবিক সহশিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

অভিভাবক শামীম মিয়া বলেন, সন্তানদের স্কুলে পাঠিয়ে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়। পুরনো ভবনের পাশাপাশি বৃষ্টির সময় শ্রেণিকক্ষে পানি ঢোকে। মাঠেও পানি জমে থাকে। এসব সমস্যার দ্রুত সমাধান হওয়া দরকার।

এদিকে বিদ্যালয়ের পাশেই রয়েছে একটি খাল। খালের সঙ্গে বিদ্যালয় এলাকার কোনো সীমানাপ্রাচীর না থাকায় শিশুদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে। বিদ্যালয়ের ছোট শিক্ষার্থীরা যাতে অসাবধানতাবশত খালের কাছে যেতে না পারে, সে জন্য সীমানাপ্রাচীর নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা।

স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম ভূঞা সবুজ বলেন, বিদ্যালয়ের পাশের খালটি শিক্ষার্থীদের জন্য ঝুঁকির কারণ। সেখানে একটি সীমানাপ্রাচীর নির্মাণ করা হলে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার বলেন, বিদ্যালয়টির ভবনের বর্তমান অবস্থা, মাঠের জলাবদ্ধতা এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। সমস্যাগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

স্থানীয়দের ভাষ্য, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের নিরাপদ পরিবেশে পাঠদানের সুযোগ নিশ্চিত করা জরুরি। তাই পুরনো ভবনের পরিবর্তে নতুন ভবন নির্মাণ, প্রয়োজনীয় সংস্কার, মাঠের পানি নিষ্কাশন এবং খালের পাশে সীমানাপ্রাচীর নির্মাণে দ্রুত কার্যকর উদ্যোগ চান তারা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা