আব্দুল মাজিদ চৌধুরী, সিলেট
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ২২:২১ পিএম
সিলেটের ঐতিহাসিক হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও মানতের ডেগ থেকে চতুর্থ দফায় ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা পাওয়া গেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সিলেটের ঐতিহাসিক হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও মানতের ডেগ থেকে চতুর্থ দফায় ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা পাওয়া গেছে। দীর্ঘ ৩৪ দিন পর শনিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে দিনভর চলে এই অর্থ গণনার কাজ।
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় পূর্ণ স্বচ্ছতা আনতে জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হয়। সন্ধ্যা ৬টায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।
টাকার পাশাপাশি দানবাক্সগুলোতে সোনা-রুপা এবং মার্কিন ডলার, ব্রিটিশ পাউন্ড, সৌদি রিয়াল ও ভারতীয় রুপিসহ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তদের এই বিপুল অঙ্কের দানকে মাজারের প্রতি সাধারণ মানুষের গভীর ভক্তি ও আস্থার প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
মাজারের ইতিহাসে অতীতে কখনই এভাবে প্রশাসনের উপস্থিতিতে সর্বসাধারণের সামনে দানবাক্স খুলে টাকা গণনার রেওয়াজ ছিল না। গত ২২ জুন প্রথমবারের মতো জেলা প্রশাসন মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে এই ব্যতিক্রমী উদ্যোগ নেয়। এরপর থেকে নির্দিষ্ট সময় পরপর মাজারের দানবাক্সগুলো খুলে গণনা করা হচ্ছে। সংগৃহীত সব অর্থ ব্যাংকে মাজারের নিজস্ব ফান্ডে জমা রাখা হচ্ছে। এর আগে তিন দফায় মাজারের দানবাক্স ও মানতের ডেগ খুলে পাওয়া অর্থের তুলনামূলক চিত্র হলোÑ প্রথম দফায় ২২ জুন দানবাক্স থেকে নগদ ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা, স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রা পাওয়া যায়। পরে জেলা প্রশাসনের তহবিল থেকে ৫ লাখ টাকার চেক যুক্ত হওয়ায় মোট অর্থের পরিমাণ দাঁড়ায় ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা। দ্বিতীয় দফায় ১১ জুলাই, প্রথম দফার ১৮ দিন পর, দানবাক্স থেকে নগদ ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা পাওয়া যায়। এ সময় বিভিন্ন দেশের মুদ্রা ও সোনা-রুপাও পাওয়া যায়। তৃতীয় দফায় ১৫ আগস্ট দানবাক্স ও মানতের ডেগ খুলে নগদ ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া যায়। এর সঙ্গে ছিল সোনা-রুপার অলঙ্কার।
মাজার কমিটির সদস্য ও সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী সিলেটে পুণ্যভূমি এই মাজারে আসেন এবং তাদের ভক্তি ও বিশ্বাসের জায়গা থেকে নগদ টাকা, সোনা-রুপা ও বৈদেশিক মুদ্রা দান করেন। চার দফায় সংগৃহীত এই সমস্ত অর্থ সম্পূর্ণ সরকারি নিয়ম ও কঠোর তদারকির মাধ্যমে মাজারের নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে সংরক্ষণ করা হচ্ছে।