কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ২২:০০ পিএম
মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বেরিয়ে হত্যাকাণ্ডের শিকার হওয়া অপ্রতিম। ফাইল ছবি
‘একটা আইফোনের জন্য একটা অবুঝ বাচ্চাকে এভাবে মারতে পারে?’— কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর কণ্ঠে তখন ক্ষোভ, হতাশা আর কান্না। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে অপ্রতিমের মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে গিয়ে এভাবেই প্রতিক্রিয়া জানান তিনি।
কাঁদতে কাঁদতে এমপি মনিরুল হক চৌধুরী বলেন, “আমি তো লজ্জিত, আমি ক্ষমা প্রার্থনা করি। একজন মানুষ হিসেবে ভাই, আমি লজ্জিত। আমরা এরকম বাচ্চাদের রক্ষা করতে পারলাম না”।
অপ্রতিম হত্যার মতো এমন অমানবিক ঘটনা এই সময়ে ঘটতে পারে, তা বিশ্বাস করতে পারছেন না বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, “এই ঘটনার কোনো জবাব নেই”।
ঘটনাস্থলে গিয়ে তিনি বলেন, “অপ্রতিমের মায়ের সঙ্গে দেখা করে কী জবাব দেব, জানি না। অবিলম্বে অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে”।
তিনি আরও বলেন, “জাতির ইতিহাসে যেসব লজ্জাজনক ঘটনা ঘটেছে, এটি তার মধ্যে একটি। এ ঘটনায় সবার বিবেক জাগ্রত হওয়া উচিত”।
আগামী তিন মাসের মধ্যে ঘটনার বিচার নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
এর আগে, শনিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ক্যাম্পাসের পাশের লালমাই সানন্দা পাহাড় এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
অপ্রতিমের নিখোঁজের পর থেকেই পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ছিল। পরে তার মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।