বাবুগঞ্জ (বরিশাল) প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ২১:৪৭ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ২১:৪৮ পিএম
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় হঠাৎ করেই জেএমআই গ্যাস সিলিন্ডার বাজারে সরবরাহ কমে গেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় হঠাৎ করেই জেএমআই গ্যাস সিলিন্ডার বাজারে সরবরাহ কমে গেছে। এতে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট দেখা দিয়েছে। সাধারণ ভোক্তা এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম ভোগান্তির মুখে পড়েছেন।
বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় অনেক খুচরা বিক্রেতা সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে সিলিন্ডার বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় ব্যবসায়ী ও ভোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাবুগঞ্জে গৃহস্থালি ও বাণিজ্যিক কাজে এলপিজি গ্যাসের ব্যবহার দিন দিন বাড়ছে। কিন্তু সে তুলনায় সরবরাহ স্বাভাবিক না থাকায় বিভিন্ন বাজারে সংকট তৈরি হয়েছে। অনেক দোকানে গ্যাস এলেও অল্প সময়ের মধ্যেই তা শেষ হয়ে যাচ্ছে।
বিশেষ করে জেএমআই কোম্পানির গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ওই কোম্পানির খালি সিলিন্ডার থাকায় গ্রাহকদের ভোগান্তি বেশি হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। অন্য কোম্পানির সিলিন্ডার নিতে গিয়ে তাদের বাড়তি টাকা গুনতে হচ্ছে। কোথাও কোথাও সিলিন্ডার পরিবর্তন বা অতিরিক্ত টাকা দিয়েও কাঙ্ক্ষিত গ্যাস পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন ভোক্তারা।
রহমতপুর বাজারের হোটেল ব্যবসায়ী রহমতুল্লাহ বলেন, ‘৪৫ কেজির সিলিন্ডার এখন প্রায় ৬ হাজার টাকা দিয়ে কিনতে হচ্ছে। গ্যাসের দাম ও সংকট দুটোই আমাদের ব্যবসার ওপর চাপ তৈরি করেছে।
রাকুদিয়া নতুনহাট ও রহমতপুর বাজার ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গ্যাসের দাম বাড়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই অনেক বিক্রেতা বাড়তি দামে সিলিন্ডার বিক্রি শুরু করেন। গত কয়েক দিন ১২ কেজির সিলিন্ডার ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত বিক্রি হলেও দাম বাড়ার পর অনেক দোকানেই সিলিন্ডার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন ক্রেতারা।
ভোক্তাদের অভিযোগ, সরবরাহ সংকটকে কাজে লাগিয়ে কোনো কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে প্রতি সিলিন্ডারে ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত অতিরিক্ত মুনাফা করছেন।
এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা ইউএনও আসমা উল হুসনা বলেন, গ্যাস সংকটের বিষয়টি এবং কেন বেশি দামে বিক্রি হচ্ছে, তা খতিয়ে দেখা হবে। সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলে কোনো অসাধু ব্যবসায়ী যদি কৃত্রিম সংকট তৈরি করেন কিংবা অতিরিক্ত মূল্য আদায় করেন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।