মানিকগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ২১:০৪ পিএম
মানিকগঞ্জ সদর উপজেলায় ঘরের ভেতর থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মানিকগঞ্জ সদর উপজেলায় ঘরের ভেতর থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, স্ত্রী ও দেড় বছরের শিশু সন্তানকে হত্যার পর ইকরাম হোসেন নামে এক ব্যক্তি ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার দুপুরে সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জান্নাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। তবে কী কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইকরাম হোসেন প্রথমে স্ত্রী প্রিয়াঙ্কা ও পরে শিশুকন্যা অ্যালিজাকে ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা করেন। এরপর নিজ ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।
স্বজনরা জানান, ইকরাম হোসেন প্রবাসে ছিলেন। কিছুদিন আগে তিনি বিদেশ থেকে দেশে ফিরেছেন। পরিবারের সদস্যদের সঙ্গে তার কোনো বিরোধ বা পারিবারিক কলহ ছিল কি না, তা জানা যায়নি।
সদর থানার ওসি মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। কী কারণে স্ত্রী ও সন্তানকে হত্যার পর ইকরাম হোসেন আত্মহত্যা করেছেন, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।