কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ২০:১৪ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ২০:২২ পিএম
প্রতীকী ছবি।
সামনে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা। কিন্তু সব বিষয়ের সিলেবাস শেষ করতে না পারায় ‘ফলাফল খারাপ হওয়ার আশঙ্কায় মানসিক চাপে’ ছিলেন গোপালগঞ্জের কোটালীপাড়ার কলেজছাত্রী শরিফা ইসলাম (২০)।
শেষ পর্যন্ত মা-বাবার কাছে চিরকুট লিখে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে পরিবার।
উপজেলার উনিশিয়া গ্রামে শনিবার সকালে এ ঘটনা ঘটে।

শরিফা ওই গ্রামের নুরুল ইসলামের মেয়ে এবং কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
পরিবারের সদস্যদের দাবি, সকালে বাড়ির পেছনে শরিফাকে অচেতন অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর শরিফার পড়ার টেবিল থেকে মা-বাবার উদ্দেশে হাতে লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়।
এতে বাবার উদ্দেশে তিনি লেখেন, “প্রিয় আব্বু, আপনাকে ছেড়ে আমি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আপনি ঐদিন একটা কথা বলেছিলেন- আপনার সবগুলো ছেলে-মেয়ে শিক্ষিত, এখন আমি আমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করাতে পারলে আপনার মনে একটা প্রশান্তি কাজ করবে। আমি আপনার ঐ স্বপ্নটা পূরণ করতে পারলাম না আব্বু। ২৮ তারিখ আমার পরীক্ষা শুরু, অথচ আজ ১৮ তারিখ চলছে, এখনও আমি সবগুলো সাবজেক্টের পুরো সিলেবাস কমপ্লিট করতে পারিনি। এমন প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিলে আমার রেজাল্ট ভালো হওয়ার কোনো চান্স নেই। তারপর আমি আপনাদের কী বলব? বিভাগে প্রিয় স্যার-ম্যামদের সামনে কীভাবে যাব?”
মায়ের উদ্দেশে তিনি লেখেন, “প্রিয় মা, মেয়ে হয়ে মায়ের কষ্ট কখনও বুঝতে চেষ্টা করিনি। তোমার আর আব্বুর শাসন, সাপোর্ট আমাকে আজ অব্দি এনেছে। কিন্তু আমি তোমাদের সম্মান নষ্ট করে চলে গেলাম। আমি নিজেকে অনেক বুঝিয়েছিলাম, কিন্তু মন কেন যেন মানছে না। আমি বাদে তোমাদের আরও ৬টা সন্তান আছে। কখনও আমার কথা মনে হলে তাদের মাঝে আমাকে খুঁজে নিও মা। প্রিয় আব্বু, মা, আপনাদের বড্ড বেশি ভালোবাসি, যা কোনোদিন মুখে বলা হয়নি।”
শরিফার বড় বোন মাহমুদা খানম জানান, শরিফা অত্যন্ত মেধাবী ছিলেন। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে তাদের পরীক্ষা শুরু হওয়ার কথা। তবে সিলেবাস শেষ না হওয়ায় শরিফা মানসিক চাপে ছিলেন।
কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক প্রধান প্রিন্স আহমেদ বলেন, “শরিফা কবিতা আবৃত্তি, বিতর্ক ও খেলাধুলায় অনেক সক্রিয় ছিল। গত ১০ সেপ্টেম্বর বিতর্ক সংসদেও অসাধারণ তর্কযুদ্ধ করেছিল এবং আমি তার প্রশংসা করেছিলাম। এত প্রাণবন্ত ও প্রতিভাবান একটা মেয়ের এমন পরিণতি মেনে নেওয়া সত্যিই খুব কঠিন।”
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।