রাজবাড়ী প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৯:২৯ পিএম
রাজবাড়ী সদর উপজেলার বানিবহ বাজারে প্রভাবশালীর মার্কেট নির্মাণের সুবিধার্থে সরকারি ল্যাট্রিন ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাজবাড়ী সদর উপজেলার বানিবহ বাজারে প্রভাবশালীর মার্কেট নির্মাণের সুবিধার্থে সরকারি ল্যাট্রিন ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাজার কমিটির ভূমিকা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। তবে সরকারি ল্যাট্রিন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলেও প্রশাসন রয়েছে রহস্যজনকভাবে নীরব।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার বানিবহ বাজারে গিয়ে দেখা যায়, বাজার ব্যবসায়ীদের সুবিধার্থে সরকারী ভাবে ল্যাট্রিন নির্মাণ করা হয়। ওই ল্যাট্রিন ও জায়গা দখল করে সেখানে মার্কেট নির্মাণ করছে কিশোরগঞ্জ জেলা পরিষদের হিসাব রক্ষক ও জমির ব্যবসায়ী আবুল কালাম আজাদ।
বানিবহ বাজার ব্যবসায়ী পরিষদের সহ-সাধারণ সম্পাদক শাহাদত হোসেন তোতা বলেন, আমার আত্মীয় আবুল কালাম আজাদ তার মার্কেট নির্মাণ করতে আসলে আমরা তাকে নর্দমা পরিস্কার ও ভরাট করতে বলি। তিনি ল্যাট্রিন ভেঙে নতুন ল্যাট্রিন করে দেবেন। বাজার কমিটির অনুমতি নিয়েই ভেঙেছে।
বানিবহ বাজার বনিক সমিতির সভাপতি মোরশেদ আলম বলেন, বাজারের ল্যাট্রিন ভেঙে ফেলার বিষয়টি আমাকে ব্যবসায়ীরা জানিয়েছেন। এতে বাজার ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ল্যাট্রিন ভাঙার বিষয়ে বনিক সমিতি জড়িত নয়। বিষয়টি আমি কিছু জানি না। আমি বিষয়টি উপজেলা ইউএনওকে জানিয়েছি। ইউএনও সরেজমিন পরিদর্শন করেছেন।
কিশোরগঞ্জ জেলা পরিষদের হিসাব রক্ষক ও জমির ব্যবসায়ী আবুল কালাম আজাদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বানিবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কাজী আজিজুল ইসলাম বলেন, ল্যাট্রিন ভেঙে নতুন করে আবার নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতিতে ভেঙেছে বলে শুনেছি। তবে অনুমতি নিয়ে করেছে কি না জানি না। রাজবাড়ী সদর উপজেলা ইউএনও নিরুপমা রায়ের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনিও ফোন রিসিভ করেননি।
রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত রয়েছি। এ বিষয়ে উপজেলা ইউএনওকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।