পুলিশের অভিযানে উদ্ধারকৃত গাঁজা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গাজীপুরের শ্রীপুরে অভিযান চালিয়ে ৮৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাদক কারবারি কবির হোসেনের স্ত্রী তাহমিনা (৩৫)কে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযানের সময় কবির পালিয়ে যায়।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১১টা থেকে শনিবার ভোর পর্যন্ত শ্রীপুর থানা-পুলিশ বরমি মধ্যপাড়ায় অভিযান চালায়।
পুলিশের তথ্যমতে, এলাকার কাজল নামে এক ব্যক্তির বাড়ির ভাড়াটিয়া কবির হোসেনের বসতঘর থেকে ৮৮ কেজি নিষিদ্ধ গাঁজা উদ্ধার করা হয়।
গাজীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে শনিবার বিকাল ৩টায় আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন এসব তথ্য জানান।
তিনি বলেন, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কবির হোসেন পালিয়ে গেলেও মাদক কেনাবেচায় সম্পৃক্ততার অভিযোগে তার স্ত্রী তাহমিনাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় শ্রীপুর থানার উপপরিদর্শক আব্দুল কুদ্দুস বাদী হয়ে নিয়মিত মামলা করেছেন।
গ্রেপ্তার তাহমিনাকে আদালতে পাঠানো হলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, পলাতক কবির হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য-সংক্রান্ত ১০টি এবং পুলিশকে মারধরের একটি মামলা রয়েছে। তাকে ও এলাকার চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সংবাদ সম্মেলনে গাজীপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।