কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপসংলগ্ন দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে একটি বোটসহ ১০ জনকে আটক করে কোস্ট গার্ড। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ১২ টন ইউরিয়া সার, রসুন ও পেঁয়াজসহ ১০ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপসংলগ্ন দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্র এলাকায় শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে একটি বোটসহ তাদের আটক করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন শনিবার দুপুরে বিষয়টি জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনের একটি দল চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালায়।
এ সময় সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে বলেও দাবি করেন তিনি জানান, পরে কোস্ট গার্ডের আভিযানিক দল ধাওয়া করে গভীর সমুদ্র থেকে বোটটি আটক করে।
বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১৩ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ২৪০ বস্তা ইউরিয়া সার, ১৯০ বস্তা রসুন ও ৯০ বস্তা পেঁয়াজ জব্দ করা হয়। এসব পণ্যের মধ্যে ইউরিয়া সারের ওজন ১২ হাজার কেজি, রসুন ৩ হাজার ৮০০ কেজি এবং পেঁয়াজ ৪ হাজার ৫০০ কেজি।
আটক ব্যক্তিদের মধ্যে একজন রোহিঙ্গা রয়েছেন। জব্দ মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে কোস্ট গার্ড।