গজারিয়ায় প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৭:২৫ পিএম
দুর্ঘটনাকবলিত বাস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মুন্সীগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে প্রাইভেটকারের চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার জামালদি বাসস্ট্যান্ড এলাকায় শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুর ২টা ৩৮ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
ফায়ার সার্ভিস জানায়, চট্টগ্রামমুখী নিউ বলেশ্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকামুখী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার সময় প্রাইভেটকারটিতে চালকসহ মোট পাঁচজন ছিলেন। তারা জামালদি এলাকার মায়ামি রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া শেষে ঢাকার দিকে যাচ্ছিলেন।
সংঘর্ষে প্রাইভেটকারের চালক সোহেল (২৫) ঘটনাস্থলেই নিহত হন। ফায়ার সার্ভিস সদস্যরা তার মরদেহ উদ্ধার করে গজারিয়া হাইওয়ে থানার এসআই আহসান হাবীবের কাছে হস্তান্তর করেন।
এ ছাড়া প্রাইভেটকারের তিন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন মজিবুর রহমান (৫৫), মোছা. শামীমা আক্তার (৪৫) ও সাবিহা চৌধুরী (৪৩)।
এ ঘটনায় আহত অপর একজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।
গজারিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, প্রাইভেটকারের পাঁচ আরোহীর মধ্যে চালকসহ চারজন মারা গেছেন। দুর্ঘটনার পর মহাসড়কে বাসটি উল্টে থাকায় কিছুটা সময় যান চলাচল ব্যাহত হয়। পরবর্তীতে পুলিশের চেষ্টায় যানচলাচল স্বাভাবিক হয়।