মারা যাওয়া ইশায়াত শাহরিয়ার অপ্রতিম ও মরদেহ উদ্ধারের ঘটনায় আটক তরুণ তুহিন। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের ছেলে অপ্রতিমের মরদেহ উদ্ধারের পর এ ঘটনায় তুহিন নামের একজনকে আটক করেছে পুলিশ।
কোটবাড়ি পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মহিবুল আলম ভূঁইয়া জানিয়েছেন শনিবার বিকাল সাড়ে ৩টায় দিকে তাকে আটক করা হয়।
আটক তুহিন (১৮) সানন্দা এলাকার নুরে আলমের ছেলে।
ইন্সপেক্টর মহিবুল জানিয়েছেন, তদন্তের অংশ হিসেবে তুহিনকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, অপ্রতিম নিখোঁজ হওয়ার পর তার গতিবিধি শনাক্তে অনুসন্ধান শুরু করে পুলিশ। তার মুঠোফোনের সর্বশেষ অবস্থান কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন সামাজিক বনায়ন এলাকায় শনাক্ত হয়। এ তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই এলাকায় তল্লাশি শুরু করেন।
পরে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনের জঙ্গল ও পাহাড়ি এলাকায় অনুসন্ধান চালানো হয়। দুপুরের দিকে সেখান থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর প্রকৃত কারণ অবশ্য ময়নাতদন্ত ও তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে।
ইন্সপেক্টর মহিবুল আলম ভূঁইয়া বলেন, “অপ্রতিমের মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে। তদন্তের অংশ হিসেবেই তুহিনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ বা কী কারণে তাকে সন্দেহ করা হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত তদন্তের পর জানা যাবে”।
কিছু সংবাদমাধমের প্রতিবেদনে প্রাথমিকভাবে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়াকে কেন্দ্র করে অপ্রতিমকে হত্যার ধারণার কথা বলা হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, “এটি তদন্তাধীন বিষয়, পুলিশের চূড়ান্ত তদন্ত ও ময়নাতদন্তের ফলের আগে মৃত্যুর কারণকে নিশ্চিতভাবে নির্ধারণ করা যাচ্ছে ন “।
অপ্রতিমের মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি ঘটনাস্থল ঘুরে দেখেন এবং অপ্রতীমের মা-বাবা ও আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দেন।
এ সময় তিনি অপ্রতীমের মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রসঙ্গত, ইশায়াত শাহরিয়ার অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান। শুক্রবার বিকেলে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয়রা জানান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অদূরে সানন্দ নামক স্থানে একটি শিশুর মরদেহ পাওয়া গেছে। পরে বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল টিম এটি অপ্রতিমের মরদেহ বলে নিশ্চিত করে। তার পরিবাবার জানায়া, মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে বেরিয়েছিল অপ্রতিম।