নেই গেট, নেই গেটম্যানও
ইফতেখার মাশরুর গালিব, খোকসা (কুষ্টিয়া)
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৫৪ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৫৬ পিএম
খোকসা উপজেলায় অরক্ষিত লেভেল ক্রসিং। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কুষ্টিয়ার খোকসা উপজেলায় থাকা তিনটি লেভেল ক্রসিংয়ের মধ্যে দুটি অরক্ষিত। এসব ক্রসিংয়ে নেই গেট কিংবা গেটম্যান।
এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার করছেন পথচারী, শিক্ষার্থী ও যানবাহনের চালকেরা। নিরাপত্তাহীন এসব ক্রসিংয়ে গত দুই বছরে প্রাণ হারিয়েছেন অন্তত কয়েকজন।
উপজেলার শোমসপুর ইউনিয়নের ধুসুন্ড ও নকশাপাড়া বাজার এলাকার লেভেল ক্রসিং দুটিতে নেই কোনো গেট এবং গেটম্যান। ট্রেন আসার সময় অনেক ক্ষেত্রে দূর থেকে বুঝতে না পারায় ঝুঁকি নিয়েই রেললাইন পারাপার করতে হয় স্থানীয়দের।
ধুসুন্ড রেলগেটের পাশের ব্যবসায়ী আবুল হোসেন বলেন, গত বছর ধুসুন্ড রেলগেটে ট্রেনের ধাক্কায় উপজেলার ঝালুকুধা গ্রামের সুনাই শেখ নামে এক যুবক মারা যান। এ ছাড়া ওই দুই লেভেল ক্রসিং এলাকায় বিভিন্ন সময় পথচারী ও যানবাহনের চালকেরা দুর্ঘটনার শিকার হয়েছেন।
তিনি আরও বলেন, ধুসুন্ড রেলগেটের পাশের বাড়ির তারেকের তিনটি ছাগলও গত মাসে ট্রেনে কাটা পড়ে মারা গেছে। বিভিন্ন সময় গবাদিপশুসহ নানা প্রাণীও ট্রেনে কাটা পড়ছে।
কুষ্টিয়া রেলওয়ে যাত্রী অধিকার পরিষদের খোকসা উপজেলা সভাপতি অন্তর হোসেন বলেন, গেট ও গেটম্যান না থাকায় প্রতিদিনই ঝুঁকি নিয়ে এসব লেভেল ক্রসিং পার হতে হয়। বিশেষ করে শিক্ষার্থী ও বাজারমুখী মানুষের জন্য পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
নকশাপাড়া রেলগেট এলাকার বাসিন্দা সেকেন আলী বলেন, প্রায় দুই বছর আগে তহসিন নামে দুই বছর বয়সী এক শিশু ট্রেনে কাটা পড়ে মারা যায়। এরপরও এখানে নিরাপদ লেভেল ক্রসিং নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পাশেই একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ফলে কোমলমতি শিক্ষার্থীদের নিয়েও আমরা আতঙ্কে থাকি।
রেল কর্তৃপক্ষের দাবি, লেভেল ক্রসিংগুলো সরকার অনুমোদিত না হওয়ায় সেখানে গেট ও গেটম্যান নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। অন্যদিকে উপজেলা সড়ক বিভাগ বলছে, সড়কগুলো নিয়ম মেনেই নির্মাণ করা হয়েছে।
খোকসা উপজেলায় অরক্ষিত লেভেল ক্রসিং। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
শোমসপুর ইউনিয়নের চেয়ারম্যান বদর খান বলেন, খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নেই তিনটি লেভেল ক্রসিং রয়েছে। এর মধ্যে দুটি অরক্ষিত। রেলওয়ে দপ্তরের উদাসীনতায় এসব স্থানে গেটম্যান নিয়োগ না দেওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। আরও প্রাণহানি ঠেকাতে দ্রুত এসব লেভেল ক্রসিংয়ে গেট নির্মাণ ও গেটম্যান নিয়োগের দাবি জানাই।
বাংলাদেশ রেলওয়ে, কুষ্টিয়া অঞ্চলের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) জিহাদ হোসেন বলেন, রেল দপ্তরে এমনিতেই জনবলের সংকট রয়েছে। তার ওপর ওই রেলক্রসিংগুলো সরকার অনুমোদিত নয়। ফলে রেল বিভাগের তালিকায় ওই ক্রসিংগুলোর নাম না থাকায় সেখানে জনবল নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না।
স্থানীয়দের অভিযোগ, একের পর এক দুর্ঘটনা ও প্রাণহানির পরও অরক্ষিত লেভেল ক্রসিংগুলোতে নিরাপত্তা নিশ্চিত না হওয়া উদ্বেগজনক। তাদের দাবি, আরও প্রাণহানি ঘটার আগেই এসব ক্রসিংয়ে গেট নির্মাণ, গেটম্যান নিয়োগ এবং প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে হবে।