× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুগন্ধা গিলছে বাবুগঞ্জ, হুমকিতে বাজার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪:০২ পিএম

ভাঙনকবলিত বরিশালের বাবুগঞ্জ বাজারসংলগ্ন এলাকা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভাঙনকবলিত বরিশালের বাবুগঞ্জ বাজারসংলগ্ন এলাকা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

এক রাতেই বদলে গেছে সুগন্ধার তীর। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে হঠাৎ শুরু হওয়া তীব্র ভাঙনে বরিশালের বাবুগঞ্জ বাজারসংলগ্ন প্রায় ২০০ গজ এলাকা নদীতে বিলীন হয়েছে। 

পুরোনো একটি মসজিদ, দুটি বসতভিটা, দুটি দোকান, খেয়াঘাটের গণশৌচাগারসহ গাছপালা ও বিভিন্ন স্থাপনা এরই মধ্যে নদীতে চলে গেছে। ভাঙন থামেনি বরং শনিবারও (১৯ সেপ্টেম্বর) নদীর পাড় ধসে পড়েছে একের পর এক। ফলে এবার সরাসরি হুমকিতে পড়েছে বাবুগঞ্জ বাজার।

ভাঙনের কিনারায় দাঁড়িয়ে আছে নবনির্মিত খেয়াঘাট জামে মসজিদ। ঝুঁকিতে রয়েছে আরও কয়েকটি দোকান, বাবুগঞ্জ-কেদারপুর খেয়াঘাটের সংযোগ সড়ক এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পন্টুন। নদী আর বাজারের মধ্যে ব্যবধান দ্রুত কমে আসায় ব্যবসায়ী ও আশপাশের বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক।

শনিবার সরেজমিনে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের বাজারসংলগ্ন এলাকায় গিয়ে দেখা যায়, সুগন্ধার পাড়জুড়ে ভাঙনের ক্ষত। কোথাও বড় অংশের মাটি নদীতে ধসে পড়েছে, কোথাও আবার স্থাপনার নিচের মাটি সরে গিয়ে বেরিয়ে পড়েছে গোড়া। নদীর দিকে হেলে পড়েছে গাছপালা। নতুন করে ধস নামার শব্দে আতঙ্কিত হয়ে পড়ছেন পাড়ের বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে এর পরের লক্ষ্য হতে পারে বাজারের স্থাপনা ও বসতবাড়ি। তাদের প্রশ্ন, বছরের পর বছর ভাঙনের ঝুঁকিতে থাকা এই গুরুত্বপূর্ণ বাজার রক্ষায় স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি কেন।

বাবুগঞ্জ বাজারের বাসিন্দা ও বাবুগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বলেন, বাজার ও আশপাশের ঘরবাড়ি রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবালকে একাধিকবার জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কার্যকর প্রতিরোধব্যবস্থা নেওয়া হয়নি। তিনি বলেন, ঘরবাড়ি নদীতে চলে যাওয়ার পর ব্যবস্থা নিয়ে ক্ষতি পোষানো সম্ভব নয়।

স্থানীয় বাসিন্দা রিয়াজ আদনান বলেন, দীর্ঘদিন ধরেই বাবুগঞ্জ বাজার ও আশপাশের এলাকা নদীভাঙনের ঝুঁকিতে। এবার ভাঙন ভয়াবহ আকার নিয়েছে। দ্রুত বাজার ও বসতবাড়ি রক্ষায় ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

স্থানীয়দের অভিযোগ, সুগন্ধা, সন্ধ্যা ও আড়িয়াল খাঁ নদীর ভাঙনে বাবুগঞ্জের বিভিন্ন এলাকা বছরের পর বছর ক্ষতিগ্রস্ত হলেও স্থায়ী প্রতিরোধব্যবস্থা গড়ে ওঠেনি। বিভিন্ন সময়ে জিওব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হয়েছে। তবে সেগুলো ভাঙন ঠেকাতে স্থায়ী সমাধান দিতে পারেনি।

বাবুগঞ্জের বাসিন্দা ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম সেলিমা রহমান বলেন, পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আলোচনা করে বাজার রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, বাবুগঞ্জ বাজার রক্ষায় একটি প্রকল্প পানি উন্নয়ন বোর্ডে জমা দেওয়া আছে। সেটি বাস্তবায়নের বিষয়ে তিনি বোর্ডের সঙ্গে কথা বলবেন।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল বরাবরের মতো আবারও দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা