ঠাকুরগাঁও প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৩:০৮ পিএম
ঠাকুরগাঁওয়ের সালন্দর ইউনিয়নের পাঁচ পীরডাঙ্গায় কাড়াম পূজা উদযাপন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বিপদ থেকে মুক্তি, অতিবন্যা ও খরা থেকে বাঁচতে দেশ ও মানুষের মঙ্গল কামনায় নেচে-গেয়ে ঐতিহ্যবাহী কাড়াম পূজা উদযাপন করেছে ঠাকুরগাঁওয়ের ওরাওঁ সম্প্রদায়।
শুক্রবার রাতে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের পাঁচ পীরডাঙ্গায় জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হয় ধর্মীয় উৎসবটি।
উৎসবের দিন ওরাওঁ সম্প্রদায়ের মানুষ উপবাস করে কারাম গাছের ডাল কেটে আনেন। সেই ডাল তাদের স্থায়ী পূজামণ্ডপে রেখে পূজা অর্চনা, নাচ-গান ও গল্প বলার মধ্য দিয়ে শুরু হয় উৎসব।
কারাম একটি গাছের নাম। ওরাঁও সম্প্রদায়ের মানুষ গাছটিকে পবিত্র এবং মঙ্গলের প্রতীক মনে করেন। এ উৎসবের মাধ্যমে তাদের পরিবারে স্বচ্ছলতা ফিরবে বলে মনে করেন তারা।
বাংলা আশ্বিন মাসের শুরুতে এ উৎসবকে ঘিরে ওই এলাকায় বসবাসরত মানুষ নানা আয়োজনে উজ্জীবিত হয়ে ওঠেন। আর বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল ও টাকা তুলে আতিথিয়েতা করা হয় আমন্ত্রিত অতিথি ও আত্মীয়-স্বজনদের। উৎসবটিকে ঘিরে আগে থেকে নানা প্রস্তুতি নিয়ে থাকেন এ সম্প্রদায়ের মানুষরা। পরিবার আর আত্মীয়স্বজন নিয়ে আনন্দে মেতে ওঠেন সব বয়সী নারী-পুরুষ।
বিশু লারখো নামে এক তরুণ বলেন, সব ধর্মের উৎসব আছে, তেমন এটা আমাদের বড় এবং প্রধান উৎসব। আমরা প্রতিবছরের এ উৎসব পালন করে থাকি। এ উৎসবে আমরা অনেক আনন্দ করি। আমাদের নিজের বিপদ থেকে মুক্তির জন্য ও দেশের মানুষের মঙ্গল কামনায় আমরা এ কারাম পূজাটি করে থাকি। আমরা মনে করি এ পূজার মাধ্যমে আমাদের সব বিপদ-আপদ দূর হয়ে যাবে।
নারী সুশীলা লাখরা বলেন, এটি আমাদের সবচেয়ে বড় একটি উৎসব। আমাদের সবার বাড়িতে মেহমান আসে। আমরা অনেক আনন্দ করি। নেচে-গেয়ে কারাম পূজা পালন করে আমরা বিপদ মুক্তি কামনা করি। এর মাধ্যমে আমাদের বিপদ আপদ দূর হবে আর দেশের মানুষের মঙ্গল হবে।
বাসুতি লাখরা নামে আরেক নারী বলেন, এটা আমাদের প্রধান উৎসব। আমরা এই উৎসবে নতুন জামা কাপড় কিনি। আত্নীয় স্বজনদের নতুন কাপড় কিনে দেই। আমরা ২দিন উপবাস থাকি এবং মেহমান আসে আমাদের বাসায় তাদের নানান রকম পিঠা বানায় খাওয়াই।
পাশের গ্রামে থেকে কাড়াম উৎসব দেখতে আসা কিশোর সাকিব হোসেন বলেন, সব ধর্মের মানুষের বড় উৎসব থাকে ঠিক তেমন ওঁরাওদের কাড়াম পূজা বড় উৎসব। এরা নাচে গানে এবং পূজা করে এই উৎসবটি পালন করে। আমরা সবাই দেখতে আসি। সবাই মিলে আনন্দ করি। ধর্ম যার যার উৎসব সবার।
তানভীর হাসান নামে আরেকজন বলেন, আমরা ওরাওঁ সম্প্রদায়ের মানুষদের সঙ্গে পাশাপাশি বসবাস করি। ওদের উৎসবে ওরা আমাদের নিমন্ত্রণ করে আমরাও ঈদে তাদের দাওয়াত দেই। এক কথাই সবাই মিলেমিশে বহুদিন থেকে বসবাস করে আসছি।
জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট ইমরান হোসেন চৌধুরী বলেন, প্রতি বছর এ ঐতিহ্যবাহী ও সামাজিক দিবসটি পালন করে এখনকার ওরাওঁ সম্প্রদায়ের আদিবাসীরা। তারা কারাম গাছের ডালকে তাদের রক্ষাকবচ মনে করে। তারা মনে করে গাছটির মাধ্যমে তাদের জীবন রক্ষা হয়। এজন্য প্রতি বছর তারা এ উৎসবটি পালন করে। শুক্রবার সারারাত তারা নানা সংস্কৃতি পালনের পর শনিবার কারাম গাছটি ভাসিয়ে দিবে।
কারাম পূজা উদযাপন কমিটির সভাপতি বিশ্বনাথ কেরকেটা বলেন, আদিকাল থেকে আমরা কাড়াম পূজা করে আসছি। এ কারাম বৃক্ষকে পূজা করার মাধ্যমে আমরা মনে করি আমাদের সব বিপদ আপদ দূর হয়ে যাবে। এ পূজার মাধ্যমে দেশের মানুষের মঙ্গল হবে। এখানে ২০০৩ সাল থেকে আমরা এ কারাম উৎসবটি পালন করে আসছি। আমরা চেষ্টা করে যাচ্ছি এ আয়োজনকে আরও মানসম্মত করতে। কারণ এটি আমাদের বড় একটি ধর্মীয় উৎসব। সরকারি সুযোগ সুবিধা পেলে আমরা ভালোভাবে উৎসবটি পালন করতে পারবো।
সদর উপজেলা ইউএনও খাইরুল ইসলাম বলেন, আমি দ্বিতীয় বার এমন সুন্দর ওরাওঁ সম্প্রদায়ের কাড়াম উৎসব দেখলাম। আমার কাছে বেশ ভাল লেগেছে তাদের এই উৎসব। এই উৎসবটিকে টিকিয়ে রাখার জন্য সরকারি ভাবে সব ধরণের সহযোগীতা করা হবে।