গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিক্যালল কলেজ (শজিমেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে চুরি হওয়া মোটরসাইকেলসহ তিনটি চোরাই মোটরসাইকেল কুড়িগ্রাম থেকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ ঘটনায় মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বগুড়ার শাজাহানপুর উপজেলার মালিপাড়া পূর্বপাড়ার জিল্লুর রহমানের ছেলে মো. আরিফুল ইসলাম ওরফে আরিফ (৩০), কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা এলাকার মতিয়ার রহমানের ছেলে মো. শাহজাদা মিয়া এবং একই এলাকার মতিয়ার রহমানের ছেলে মো. জাহাঙ্গীর আলম। গ্র
প্তার শাহজাদা মিয়ার বিরুদ্ধে একটি চুরি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান শুক্রবার রাত ১০টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের এই কর্মকর্তা জানান, গত ১৫ সেপ্টেম্বর দুপুরে মেহেদী হাসান তার বাবাকে চিকিৎসক দেখাতে শজিমেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে মোটরসাইকেল রেখে সপ্তম তলায় যান। এরপর বিকাল ৪টার দিকে নিচে এসে তিনি মোটরসাইকেলটি দেখতে না পেয়ে চুরির বিষয়টি জানতে পারেন। এ ঘটনায় ১৭ সেপ্টেম্বর বগুড়া সদর থানায় মামলা করা হয়।
মামলার পর ১৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে শিবগঞ্জের মোকামতলা ফ্লাইওভারের নিচ থেকে আরিফুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে আরিফ ওই মোটরসাইকেলটি চুরি করে শাহজাদা মিয়া ও জাহাঙ্গীর আলমের কাছে বিক্রির কথা স্বীকার করেন।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাহাট বাজারের মাংস হাটি এলাকা থেকে শাহজাদা মিয়াকে গ্রেপ্তার করা হয়। এবং শাহজাদা মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে ফুলবাড়ী বাজারের ব্র্যাক মোড়সংলগ্ন একটি মেকানিকের দোকান থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয় বলেও জানিয়েছে পুলিশ।
পরে জাহাঙ্গীর আলমের হেফাজত থেকে শজিমেক হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া বাজাজ ডিসকভার ১১০ সিসির মোটরসাইকেলটি উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী একই দিন ফুলবাড়ীর বালারহাট বাজারে তাপসের দোকানের সামনে পাকা রাস্তা থেকে মালিকবিহীন অবস্থায় আরও দুটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।