বাউফল (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ২১:৪৭ পিএম
বিএনপি নেতা মো. ফরিদ উদ্দিন গাজী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পটুয়াখালীর বাউফলে এক হিন্দু ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ফরিদ গাজী নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। হুমকির ফোনালাপ ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার রাতে ওই ব্যবসায়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরে গভীর রাতে অভিযান চালিয়ে ফরিদ গাজীকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার সকালে আদালত তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
ভুক্তভোগী ব্যবসায়ীর নাম মো. গোবিন্দ চন্দ্র মণ্ডল। তিনি উপজেলার বিলবিলাস গ্রামের গৌরাঙ্গ মণ্ডলের ছেলে। ঢাকায় তার আবাসন ব্যবসা রয়েছে। গ্রেপ্তার ফরিদ গাজী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য করা হয়।
ফেসবুকে ছড়িয়ে পড়া ফোনালাপে ফরিদ গাজীকে বলতে শোনা যায়, ‘আমার একটা শখ জাগছে। আমি একটা জ্যাতা নোমো (হিন্দু) পুড়মু। আমি আপনাকে বেছে নিছি, এ ক্ষেত্রে আপনার কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া আছে। যদিও সকালে আপনারে খুঁজে আইছিলাম, আপনি মনে হয় স্টেশনে নাই।’
একপর্যায়ে ব্যবসায়ী গোবিন্দ মণ্ডল তার অপরাধ কী জানতে চাইলে ফরিদ গাজী বলেন, ‘ওইডা সামনাসামনি বলমু হানে।’ এলাকায় এলে খবর দেওয়ার কথা বলে ফোনালাপ শেষ করেন তিনি।
গোবিন্দ মণ্ডল বলেন, বাউফল সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হতে চাই। কিছুদিন আগে এলাকায় কিছু পোস্টার দিয়েছি। তারপর থেকে ফরিদ গাজী আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। গত বুধবার দুপুরে আমার মোবাইলে কল দিয়ে জীবিত পুড়িয়ে মারার হুমকি দেন ফরিদ। পরদিন বৃহস্পতিবার রাতে আমি থানায় গিয়ে বিষয়টি পুলিশকে জানাই এবং সাধারণ ডায়েরি করি।
এ বিষয়ে বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ফরিদ গাজীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। হিন্দু ব্যবসায়ীকে পুড়িয়ে মারার হুমকির ঘটনা জানার পর তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, ফরিদ গাজী বিএনপির মূল কমিটির কেউ না। সংসদ নির্বাচন চলাকালে ধানের শীষের প্রার্থী শহিদুল আলম তালুকদারের একক সিদ্ধান্তে কয়েকজনকে উপজেলা বিএনপির সদস্য পদ দেওয়া হয়। তার মধ্যে ফরিদও ছিল। বিষয়টি জেলা কমিটিকে জানিয়েছি। জেলা কমিটিই সাংগঠনিক ব্যবস্থা নেবে।