প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ২১:৪২ পিএম
কমলগঞ্জে মুন্সিবাজার ইউনিয়নের শ্রীনাথপুর মূল সড়কে দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী মারা গেছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় গত বৃহস্পতিবার ও শুক্রবার নারী, তরুণী, যাত্রীসহ ১১ জন মারা গেছেন। ৭ জেলায় এই মৃত্যুর ঘটনা ঘটে। প্রতিবেদকদের পাঠানো খবরÑ
ত্রিশাল (ময়মনসিংহ) : জেলার ত্রিশালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুটি মাহেন্দ্র ও একটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে একটি বাস সড়কের পাশের স্কুলের সীমানাপ্রাচীর ভেঙে কাত হয়ে পড়েছে। এতে মাহেন্দ্রে থাকা দুই আরোহী নিহত ও ১০ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার বৈলর ইউনিয়নের কাজির শিমলা নজরুল উচ্চ বিদ্যালয়ের বিপরীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ উপজেলার রুদ্রগ্রাম মুন্সিবাড়ি এলাকার নুরুল ইসলামের ছেলে বজলুর রহমান ডালিম (৩৬) এবং কাজির শিমলা খানবাড়ি এলাকার গিয়াস উদ্দিনের ছেলে রাইতুল হাসান খান (৪০)।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আহম্মেদ জানান, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কমলগঞ্জ (মৌলভীবাজার) : জেলার কমলগঞ্জে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা দিকে সড়কে দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রুমালি বেগম (১৮) নামে এক তরুণী মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের শ্রীনাথপুর মূল সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুমালি বেগম রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন বলেন, দুটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত দুটি সিএনজি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গাজীপুর : জেলার কাপাসিয়া উপজেলায় ডাম্পট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন মারা গেছেন। এতে আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে উপজেলার টোক ইউনিয়নের বীরউজলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে শামীম মিয়া (৪৫) কেন্দুয়া উপজেলার বাসিন্দা। তিনি অটোরিকশার চালক ছিলেন। নিহত অন্যজনের পরিচয় জানা যায়নি। এ ছাড়া আহতদের নাম-পরিচয়ও জানাতে পারেনি পুলিশ।
কাপাসিয়া থানার ওসি শাহাবুর রহমান বলেন, কাপাসিয়া থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা ডাম্পট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আরও একজনের মৃত্যু হয়। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি শাহাবুর রহমান।
কুড়িগ্রাম : জেলার ধরলা সেতুর ওপর ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী মারা গেছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কুড়িগ্রাম-ধরলা সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ জেলা সদরের কাচিচর এলাকার নুর ইসলামের ছেলে খালিদ (২১) এবং আফছারের ছেলে ফারুক (২৫)।
কুড়িগ্রাম সদর থানার ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যায়। বাসটিকে এখনো আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
গোপালগঞ্জ : জেলার কাশিয়ানীতে শুক্রবার বাসের ধাক্কায় কবীর মুন্সী (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। শুক্রবার ভোরে ঢাকা-যশোর মহাসড়কের কাশিয়ানীর কালনা টোল প্লাজা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কবীর মুন্সী কাশিয়ানী সদর ইউনিয়নের পিংগলিয়া গ্রামের মৃত জহুর মুন্সীর ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
চুয়াডাঙ্গা : জেলার সড়ক পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় ছকিনা খাতুন (৫৫) নামে এক নারী মারা গেছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের সদর উপজেলার আলুকদিয়া হাতিকাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছকিনা খাতুন জীবননগরের নিধীকুণ্ড গ্রামের মৃত ছলিম উদ্দিনের স্ত্রী।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মারুফ রহমান বলেন, সড়ক পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় ওই নারী ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় জড়িত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়দাবাদে জনপদ মোর এলাকায় চলন্ত বাস ইউটার্ন নেওয়ার সময় মাথা ঘুরে বাস থেকে পড়ে নাঈম (২৫) নামে ইউনিক বাসের সহকারী মারা গেছেন। শুক্রবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা ৬টার দিকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে যাত্রাবাড়ী থানার হানিফ ফ্লাইওভারের ওপর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে কবির হোসেন (৩২) নামে এক যুবক মারা গেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন,