আশিকুর রহমান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ২১:২২ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। চলতি বছরের আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় দেড় মাসে সরকারি-বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও স্থানীয় পর্যায়ে পরীক্ষা-নিরীক্ষায় শতাধিক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
শুধু বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই গত দেড় মাসে ৩০ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ডেঙ্গু আক্রান্ত কয়েক রোগীকে মশারি টানিয়ে চিকিৎসা নিতে দেখা যায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য আলাদা কয়েকটি শয্যা প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার কিট ও ল্যাবরেটরি কার্যক্রম চালু রয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন আলাউদ্দিন মিয়া চার দিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তিনি বলেন, হাসপাতালে চিকিৎসাসেবা ভালো। এখানেই প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করিয়েছেন। বর্তমানে চিকিৎসা চলছে। রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় আগের তুলনায় সুস্থ থাকলেও শরীরে দুর্বলতা রয়েছে।
বাঞ্ছারামপুর উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় সাড়ে তিন লাখ মানুষের বসবাস। স্থানীয়দের অভিযোগ, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার-প্রচারণা ও মশক নিধন কার্যক্রম পর্যাপ্ত নয়। ইউনিয়ন পর্যায়েও কার্যকর সতর্কতামূলক উদ্যোগ চোখে পড়ছে না।
বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঞ্জন বর্মন বলেন, ডেঙ্গু সন্দেহ হলে রোগীদের এনএস১ এবং আইজিজি/আইজিএম পরীক্ষা করা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা কয়েকটি শয্যা প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনীয় কিট ও ল্যাবরেটরি সুবিধা চালু রয়েছে। সক্ষমতা অনুযায়ী রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
উপজেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিক সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সেখানেও শতাধিক ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন।
তবে ডেঙ্গুর ঝুঁকিতে সবচেয়ে বেশি রয়েছেন বাঞ্ছারামপুর পৌরসভার বাসিন্দারা। পৌরসভার নয়টি ওয়ার্ডে প্রায় ৫০ হাজার মানুষের বসবাস। স্থানীয়দের অভিযোগ, মশক নিধনে পর্যাপ্ত কার্যক্রম না থাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তারা দ্রুত মশার ওষুধ ছিটানো ও নিয়মিত মশক নিধন কার্যক্রম জোরদারের দাবি জানিয়েছেন।
বাঞ্ছারামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পৌরসভার প্রশাসক রবিউল হাসান ভূঁইয়া বলেন, পৌরসভার নয়টি ওয়ার্ডে প্রায় ৫০ হাজার মানুষ বসবাস করেন। এর বিপরীতে মশক নিধনে ফগার মেশিন রয়েছে মাত্র দুটি। জনবলও নেই। দুটি মেশিন দিয়ে কার্যক্রম চালাতে হিমশিম খেতে হচ্ছে। পৌরসভার দক্ষ জনবল প্রয়োজন।
পৌর প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে ড্রেন ও নর্দমার ময়লা-আবর্জনা পরিষ্কার, স্কুল-কলেজের আশপাশ পরিষ্কার এবং পরিত্যক্ত জায়গায় জমে থাকা পানি অপসারণের কাজ শুরু হয়েছে। ফগার মেশিন ও মশা মারার ওষুধ সংগ্রহের কাজও চলছে।
তিনি ডেঙ্গু প্রতিরোধে পৌরবাসীকে সচেতন হওয়ার পাশাপাশি বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানান।