× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জনবল সংকটে ৪ বছরেও চালু হয়নি কৃষিপণ্য প্রক্রিয়াজাত কেন্দ্র

চন্দন কুমার সরকার, ‎উলিপুর (কুড়িগ্রাম)

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ২১:১৬ পিএম

‎উলিপুরে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে নির্মিত কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণ কেন্দ্র নির্মাণের চার বছর পেরিয়ে গেলেও চালু হয়নি এখন পর্যন্ত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

‎উলিপুরে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে নির্মিত কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণ কেন্দ্র নির্মাণের চার বছর পেরিয়ে গেলেও চালু হয়নি এখন পর্যন্ত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

‎কুড়িগ্রামের উলিপুরে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে নির্মিত কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণ কেন্দ্র নির্মাণের চার বছর পেরিয়ে গেলেও চালু হয়নি এখন পর্যন্ত। নির্মাণ ও যন্ত্রপাতি স্থাপনের পর থেকেই কেন্দ্রটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। দীর্ঘদিন ব্যবহারের বাইরে থাকায় কেন্দ্রের বিভিন্ন যন্ত্রপাতি নষ্ট হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

‎জনবল সংকট ও নীতিমালা জটিলতার কারণে কেন্দ্রটি চালু করা যাচ্ছে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে কবে নাগাদ এটি চালু হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি তারা। ফলে কৃষকদের উৎপাদিত পণ্য সংরক্ষণ, প্রক্রিয়াজাত ও বাজারজাতের সুবিধা দেওয়ার লক্ষ্যে নেওয়া সরকারি এই উদ্যোগের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় কৃষক। একই সঙ্গে প্রকল্পে ব্যয় করা বিপুল অর্থও অনেকটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

‎‎জানা গেছে, কুড়িগ্রাম ও জামালপুর জেলার প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র্য হ্রাসের লক্ষ্যে ২০১৮ সালে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়ার উদ্যোগে প্রকল্পটি গ্রহণ করা হয়। প্রকল্পের আওতায় কুড়িগ্রাম ও জামালপুরের চারটি করে মোট ৮টি উপজেলায় কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় কেন্দ্রগুলো নির্মাণ করা হয়। প্রতিটি কেন্দ্রে প্রায় ৬ কোটি টাকা ব্যয় হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে নির্মাণকাজ শেষ হওয়ার পর ঠিকাদারি প্রতিষ্ঠান কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করে সংশ্লিষ্ট আরডিএ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। কিন্তু এরপরও জনবল নিয়োগ না হওয়ায় কেন্দ্রগুলো চালু করা সম্ভব হয়নি।

‎‎প্রত্যক্ষদর্শীরা জানায়, উলিপুরের কেন্দ্রটি দীর্ঘদিন ধরে কার্যক্রমহীন অবস্থায় পড়ে রয়েছে। কেন্দ্রের নিরাপত্তার জন্য পাহারাদার রাখা হলেও নিয়মিত কার্যক্রম পরিচালিত হচ্ছে না। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে। কেন্দ্রটিতে ধান, গম ও তেল ভাঙানোর পাশাপাশি মসলা, চিপস, বেকারি, দুধ, মাছ ও মাংসসহ বিভিন্ন কৃষিপণ্য প্রক্রিয়াজাত ও সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। 

পণ্য সংরক্ষণের জন্য আছে কোল্ড চেম্বারসহ বিভিন্ন সুবিধা। কেন্দ্রটি চালু হলে প্রায় ২০ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ার কথা। কিন্তু বাস্তবে সেই কর্মসংস্থান তো দূরের কথা, কেন্দ্রটির মূল কার্যক্রমই শুরু হয়নি। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন।

‎‎কৃষক প্রান্ত বর্মণ, আইনুল ইসলাম, ফুলবাবু মিয়া, সাইফুল ইসলাম, যোগেশ চন্দ্র, আমিনুল ইসলাম ও তাজিবর রহমানসহ অনেকেই জানান, কেন্দ্রটি চালু হলে কৃষিপণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের পাশাপাশি উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ তৈরি হতো। কিন্তু কেন্দ্রটি চালু না হওয়ায় মৌসুমি কৃষিপণ্য সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না।

‎কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণ কেন্দ্রের পাহারাদার রাসেল মিয়া ও মো. মাসুদ রানা জানান, ‘আমাদের দায়িত্ব কেন্দ্র পাহারা দেওয়া। এর বাইরে আমাদের করার কিছু নেই।’

‎‎উলিপুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, প্রকল্প সম্পর্কে আমি অবগত নই। এটা কুড়িগ্রাম ও জামালপুরের প্রকল্প। এই প্রকল্পের সঙ্গে আমার দপ্তরের সংশ্লিষ্টতা নেই।

‎‎উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানান, আমি নতুন এসেছি। বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

‎‎কেন্দ্র চালু না হওয়ার বিষয়ে রংপুর পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক জাহেদুল হক চৌধুরী জানান, একাডেমির আগের নীতিমালা অনুযায়ী কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণ কেন্দ্র নিজস্ব জনবল দিয়ে পরিচালনা করার কথা ছিল। কিন্তু জনবল সংকটের কারণে চালু করা সম্ভব হয়নি। বর্তমানে শুধু পাহারাদার রাখা হয়েছে। নীতিমালা পরিবর্তন করে সমবায়ভিত্তিক সমিতি, এনজিও কিংবা আগ্রহী উদ্যোক্তাকে টেন্ডারের মাধ্যমে তিন বছর মেয়াদে লিজ দেওয়ার প্রক্রিয়া চলছে।

‎‎এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কমিটির সভাপতি এটিএম আরিফ জানান, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণ কেন্দ্রের কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। তাদের ডাকা হলে সাড়া পাওয়া যায়নি। সংশ্লিষ্ট দপ্তরে কথা বলে কেন্দ্রটি চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা