প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ২১:০৮ পিএম
তালতলীতে জলবায়ু ন্যায়বিচার ও জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যৎ গড়ে তোলার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পটুয়াখালী ও বরগুনায় শুক্রবার জলবায়ু ন্যায়বিচার ও জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যৎ গড়ে তোলার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। প্রতিবেদকদের পাঠানো খবরÑ
কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় জলবায়ু ন্যায়বিচার, জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যৎ এবং দ্রুত, ন্যায্য ও অর্থায়নকৃত জ্বালানি রূপান্তরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় কলাপাড়া প্রেস ক্লাব চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেনÑ ধরিত্রী রক্ষায় আমরা ধরার কলাপাড়ার সমন্বয়কারী মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া প্রেস ক্লাবের সদস্য রফিকুল ইসলাম মিরাজ, পরিবেশ সংগঠক সাইফুল্লাহ মাহমুদ, পরিবেশ সংগঠক আমরা কলাপাড়াবাসী সংগঠনের সাবেক সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন এবং কপ থার্টি ওয়ানের প্রাক্কালে আয়োজিত এই বৈশ্বিক কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে জীবাশ্ম জ্বালানির অর্থায়ন বন্ধ, জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা এবং জনগণের জন্য দ্রুত ও ন্যায্য জ্বালানি রূপান্তর বাস্তবায়নের দাবি করেন। পরিবেশবাদী সংগঠন ও নদী রক্ষা আন্দোলন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটার কিপার্স বাংলাদেশ ও আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
তালতলী (বরগুনা): জেলার তালতলী ও পাথরঘাটা উপজেলায় দেশে জীবাশ্ম জ্বালানির আর কোনো নতুন প্রকল্প না করা ও অর্থায়ন বন্ধ, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা, নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন এবং দ্রুত ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে তালতলীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া এলাকায় অনুষ্ঠিত কমসূচিতে শতাধিক নারী-পুরুষ অংশ নেন। এতে বক্তব্য রাখেন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’-এর তালতলী-আমতলী উপজেলা শাখার সমন্বয়ক আরিফুর রহমান, পায়রা নদীর ইলিশ রক্ষা কমিটির সভাপতি শাজাহান শেখ প্রমুখ।
অন্যদিকে পাথরঘাটায় একই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের সোনালী বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় নবায়নযোগ্য জ্বালানি খাতকে শক্তিশালী করতে বিভিন্ন প্রচারাভিযান ও লিফলেট বিতরণ করা হয়। মানববন্ধনে বক্তারা জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ, জলবায়ু অর্থায়ন নিশ্চিত এবং সাধারণ মানুষের স্বার্থ বিবেচনায় দ্রুত ও ন্যায্য জ্বালানি রূপান্তর বাস্তবায়নের দাবি জানানো হয়। সোনালী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শাহ আলম খানের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, বিশেষ অতিথি ছিলেন, সোনালী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।