সাতক্ষীরা প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ২১:০৩ পিএম
আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ফটিকখালী মাঠে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ফটিকখালী গ্রামে ৪ একর ৪৩ শতক জমি দখলের পাঁয়তারার অভিযোগ প্রভাবশালী আবু তালেব গংদের বিরুদ্ধে। প্রতিকার চেয়ে মানববন্ধন করেছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন।
শুক্রবার সকালে ফটিকখালী মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে জমির মালিক দাবিদার ফটিকখালী গ্রামের মৃত অশ্বিনী সানার ছেলে ভূপতি সানা ও তার পক্ষের লোকজন অভিযোগ করেন, গেজেটে দাগ নম্বরের ভুল থাকায় কাপসণ্ডা মৌজায় ৫৬ খতিয়ানে ৪ একর ৪৩ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে আইনি জটিলতা চলছে। এ নিয়ে ২০১২ সালে সাতক্ষীরা সিভিল কোর্টে মামলা করেন তারা। পরবর্তী সময়ে গত বছরের ২৮ মে ওই মামলায় আদালত তাদের পক্ষে রায় দেন বলে দাবি করেন ভূপতি সানা।
তিনি বলেন, ওই রায়ের বিরুদ্ধে সরকারপক্ষ ডিস্ট্রিক্ট জজ আদালতে আপিল করে। পরে চলতি বছরের ৯ ফেব্রুয়ারি আদালত আবারও তার পক্ষে রায় দিয়েছে বলে দাবি করেন তিনি। ভূপতি সানা আরও বলেন, আদালতের রায়ের পর তিনি জমির নামজারির (নামপত্তন) জন্য আবেদন করেন। বিষয়টি আমলে নিয়ে আদালত উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কর্মকর্তার কাছে সরেজমিন তদন্ত প্রতিবেদন চেয়েছেন। তবে ছয় মাসেরও বেশি সময় পার হলেও ইউনিয়ন ভূমি কর্মকর্তা ওই প্রতিবেদন দেওয়ার ক্ষেত্রে গড়িমসি করছেন বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে খাজরা ইউনিয়ন ভূমি কর্মকর্তা দেবব্রত মণ্ডলের বক্তব্য জানতে একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মানববন্ধনে ইউপি সদস্য রামপদ সানার সভাপতিত্বে বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য সুরঞ্জন সানা, জমির মালিক দাবিদার মতিলাল সানা, তপন সানা, অনিবেশ সানা, নব সানা, হাসেম গাজীসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন।