রাণীনগর (নওগাঁ) প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ২১:০০ পিএম
রাণীনগর থানা। ছবি: সংগৃহীত
নওগাঁর রাণীনগরে সড়কে মোটরসাইকেল আটকে গণহারে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার বেলঘড়িয়া-বিলকৃষ্ণপুর সড়কের বেলঘড়িয়া ইসলামের ভিটা এলাকায় এই ঘটনা ঘটে।
ছিনতাইকারীরা টাকা এবং অন্তত ৮টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। এ সময় ছিনতাইকারীদের মারধরে আহত হন ৪ পথচারী। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছিনতাইয়ের কবলে পড়া উপজেলার বানিয়াপাড়া গ্রামের সুজন হোসেন বলেন, তিনি এবং তার বন্ধু বিলপালশা গ্রামের শামীম হোসেন, বাশার আহম্মেদ এবং বানিয়াপাড়া গ্রামের আজাহার আলী ২টি মোটরসাইকেলে রাতে বাড়ি ফিরছিলেন। এ সময় বেলঘড়িয়া গ্রামের উত্তরে ইসলামের ভিটা এলাকায় এলে সড়কের পাশে একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখেন। সেখানে সড়ক দুর্ঘটনা ঘটেছে মনে করে মোটরসাইকেলের গতি কমানোর সঙ্গে সঙ্গে হাফপ্যান্ট ও মুখোশপরা চারজন ছিনতাইকারী ধারালো ছুরি এবং লোহার রড দিয়ে আমাদের চারজনকে মারধর করে সড়কের পাশে বসিয়ে রাখে। এরপর আমাদের কাছে থাকা টাকা ও চারটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় হাঁসুয়ার পিঠ দিয়ে কোপ দেওয়ায় শামীম আহত হয়। তবে ছিনতাইকারীরা ওই স্থানে আরও কয়েকজনকে গাছের সঙ্গে বেঁধে রেখেছিল বলে জানান তিনি।
উপজেলার রাজাপুর গ্রামের ফয়সাল আহম্মেদ জানান, তিনি এবং সঙ্গে একই গ্রামের দুই বন্ধু তৌহিদ ও ইউসুফ হোসেন রাত সোয়া ৯টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় ওই স্থানে পৌঁছলে ছিনতাইকারীরা চলন্ত অবস্থায় লোহার রড দিয়ে আঘাত করে। এ সময় মোটরসাইকেলসহ সড়কের পাশে পড়ে যান তারা। পরে তাদেরকে হাঁসুয়া ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে টাকাপয়সা ও তাদের তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় সড়ক দিয়ে আরেকটি মোটরসাইকেল এলে ওই চালককেও আটকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় আমাদেরকে চলে যেতে বললে আমি ওই মোটরসাইকেলে লাফ দিয়ে চড়ে গ্রামের মধ্যে এসে লোকজনকে খবর দেই। এ সময় গ্রামের লোকজন ছুটে গিয়ে আমার বন্ধুদের উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করে ।
রাণীনগর থানার ওসি জাকারিয়া মন্ডল বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন এবং এ ঘটনায় রাতেই অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।