× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিন উপজেলা শিক্ষা এক কর্মকর্তার কাঁধে

নাগেশ্বরীতে মূল দায়িত্ব, অতিরিক্ত দায়িত্ব রাজারহাট ও ফুলবাড়ীতে

হাবিবুর রহমান হাবীব, রাজারহাট (কুড়িগ্রাম)

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ২০:৫৮ পিএম

জনবল সংকটে রাজারহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস একই কর্মকর্তাকে সামলাতে হচ্ছে তিন উপজেলার দায়িত্ব। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জনবল সংকটে রাজারহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস একই কর্মকর্তাকে সামলাতে হচ্ছে তিন উপজেলার দায়িত্ব। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

একজন কর্মকর্তার কাঁধে তিন উপজেলার শিক্ষা দায়িত্ব। নিজের মূল কর্মস্থল নাগেশ্বরীর পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে রাজারহাট ও ফুলবাড়ী উপজেলা সামলাতে হচ্ছে তাকে।

প্রয়োজনীয় জনবল সংকটে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের দাপ্তরিক ও একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। নিয়মিত মনিটরিং, শিক্ষাপ্রতিষ্ঠানের তদারকি ও প্রশাসনিক সেবা নিশ্চিত করতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গত ২৫ মে পূর্ণাঙ্গ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব বদলি হয়ে অন্যত্র চলে যাওয়ার পর রাজারহাটের পদটি শূন্য হয়। এরপর ২৯ মে থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্ব পালন করেন মাহাতাব হোসেন। পরে ১১ সেপ্টেম্বর থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পান কামরুল ইসলাম।

বর্তমানে কামরুল ইসলাম তার মূল কর্মস্থল নাগেশ্বরী উপজেলার দায়িত্বের পাশাপাশি রাজারহাট ও ফুলবাড়ী উপজেলার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। ফলে একই সঙ্গে তিন উপজেলার শিক্ষা প্রশাসনের গুরুত্বপূর্ণ কার্যক্রম দেখভাল করতে হচ্ছে তাকে।

রাজারহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, অফিস সহায়কসহ একাধিক পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। অফিসের একাডেমিক সুপারভাইজার আয়শা সিদ্দিকাকেও নিয়মিত দাপ্তরিক কাজের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মনিটরিং ও একাডেমিক তদারকিতে দায়িত্ব পালন করতে হচ্ছে।

রাজারহাট উপজেলায় বর্তমানে ৩৯টি মাধ্যমিক বিদ্যালয়, ১২টি কলেজ, ২৮টি মাদ্রাসা ও চারটি নন-এমপিও প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের একাডেমিক তদারকি, প্রশাসনিক কার্যক্রম, সরকারি নির্দেশনা বাস্তবায়ন, বিভিন্ন প্রতিবেদনসহ নানা শিক্ষা-সংক্রান্ত কাজ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের মাধ্যমে পরিচালিত হয়।

রাজারহাট উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ‘আমি একই সঙ্গে তিন উপজেলার কাজ করছি। রাজারহাট ও ফুলবাড়ী উপজেলায় আমার অতিরিক্ত দায়িত্ব। এর আগে উলিপুরসহ চারটি উপজেলার দায়িত্বও পালন করেছি। একা এতগুলো প্রতিষ্ঠানের সবকিছু নিয়মিত মনিটরিং করা সম্ভব হয় না।’

রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম বলেন, ‘উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদটি দীর্ঘদিন শূন্য থাকায় যে সমস্যা হচ্ছে, তা দ্রুত সমাধানের জন্য জেলা মিটিংয়ে বিষয়টি উপস্থাপন করব।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা