× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাহাদুরাবাদ-বালাসী রুট দ্বিতীয় যমুনা সেতু হলে কমবে দুর্ভোগ

মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ (জামালপুর)

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ২০:৩৯ পিএম

দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ-বালাসী নৌরুটে দীর্ঘদিন ধরে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকায় প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই অঞ্চলের লাখ লাখ মানুষকে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ-বালাসী নৌরুটে দীর্ঘদিন ধরে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকায় প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই অঞ্চলের লাখ লাখ মানুষকে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

যমুনার দুই পাড়ের মানুষের যোগাযোগ সহজ করতে বাহাদুরাবাদ-বালাসী নৌরুটে একটি সেতুর দীর্ঘদিনের দাবি আবারও জোরালো হয়ে উঠেছে। উত্তরাঞ্চলের আট জেলার মানুষের যাতায়াত ও পণ্য পরিবহন নির্বিঘ্ন করতে এখানে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের আশায় স্থানীয়রা।

দীর্ঘদিন ধরে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকায় প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই অঞ্চলের লাখ লাখ মানুষকে।

বর্তমানে এ রুটে নদী পারাপারের জন্য মানুষকে পুরোপুরি ইঞ্জিনচালিত নৌকার ওপর নির্ভর করতে হচ্ছে। আবহাওয়া খারাপ থাকলে বা নদীর পানি কমে গেলে পারাপারে চরম অনিশ্চয়তা তৈরি হয়। দিনাজপুরের বীরগঞ্জের বাসিন্দা জুয়েল আহমেদ ও গাইবান্ধার পলাশবাড়ীর মোকবুল ইসলাম জানান, সেতু না থাকায় ঢাকা ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতে তাদের বাড়তি সময় ও অর্থ খরচ হচ্ছে। কৃষিপণ্য পরিবহনেও ব্যাপক ভোগান্তি পোহাতে হয়। সেতু নির্মিত হলে এই দীর্ঘদিনের কষ্ট দূর হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও বড় ধরনের গতি আসবে। দেওয়ানগঞ্জের বাসিন্দা রাজ্জাক মিকার মতে, এই সেতু শুধু দুই পাড়ের মানুষের জন্যই নয়, বরং পুরো উত্তরাঞ্চলের যোগাযোগব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে।

জানা যায়, ১৯৩৮ সালে জামালপুরের দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট এবং গাইবান্ধার ফুলছড়ির তিস্তামুখ বা বালাসী ঘাট নৌরুটে ফেরি সার্ভিস চালু হয়েছিল। গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাটের মানুষের ঢাকা ও ময়মনসিংহের সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম ছিল এই রুট। তবে নদীর নাব্য সংকট ও গতিপথ পরিবর্তনের কারণে ২০০০ সালে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। পরে ২০১৭ সালে বিআইডব্লিউটিএ ঘাট নির্মাণ ও ড্রেজিংয়ের মাধ্যমে রুটটি সচল করার উদ্যোগ নিলেও তা সফল হয়নি। ২০২২ সালে পরীক্ষামূলকভাবে লঞ্চ চালু হলেও নাব্য সংকটে সেটিও বেশিদিন টেকেনি।

যোগাযোগের এই বেহাল দশায় আশার আলো দেখাচ্ছেন জনপ্রতিনিধিরা। জামালপুর-১ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বিভিন্ন সমাবেশে এই রুটে সেতু নির্মাণের বিষয়ে সর্বোচ্চ চেষ্টার আশ্বাস দিয়েছেন। তার এই প্রতিশ্রুতিতে নতুন করে আশায় বুক বাঁধছেন যমুনার দুই পাড়ের মানুষ।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন জানান, বাহাদুরাবাদ-বালাসী নৌরুটটি উত্তরাঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য অংশের যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেতুটি নির্মিত হলে এ অঞ্চলের অর্থনীতিতে ব্যাপক ইতিবাচক প্রভাব পড়বে।

ইতোমধ্যে সেতু নির্মাণের দাবিতে দুই পাড়ের মানুষ মানববন্ধন, মিছিল ও সমাবেশের মতো নানা কর্মসূচি পালন করছেন। তাদের প্রত্যাশা, দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটিয়ে দ্রুতই এই রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা