চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১৯:২৮ পিএম
কক্সবাজারের পেকুয়ায় ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘শাহেদুল ইসলাম এমইউপি প্রদত্ত দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কক্সবাজারের পেকুয়ায় ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘শাহেদুল ইসলাম এমইউপি প্রদত্ত দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। পেকুয়া সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য শাহেদুল ইসলামের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে মেহেরনামা ইউনিয়নের ২০টি দল অংশ নিচ্ছে।
উত্তর মেহেরনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার বিকাল ৩টায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন টুর্নামেন্টের আয়োজক ও পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য শাহেদুল ইসলাম এমইউপি।
টুর্নামেন্টের বিশেষত্ব হলো, একদিনেই ২০টি দলের খেলা এবং একই দিনে ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে।
আয়োজকদের দাবি, পেকুয়ার ক্রীড়াঙ্গনে একদিনে ২০টি দলের খেলা ও ফাইনাল আয়োজনের ঘটনা এবারই প্রথম।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মুরারপাড়া ফুটবল অ্যাকাডেমি ও পূর্বপাড়া টাইগার একাদশ। নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত উত্তেজনাপূর্ণ টাইব্রেকারে জয় পায় পূর্বপাড়া টাইগার একাদশ।
জুমার নামাজের পর থেকেই খেলা দেখতে মাঠে দর্শকদের ভিড় বাড়তে থাকে। খেলা শুরু হলে মাঠের চারপাশ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী হাজারো দর্শকের উপস্থিতিতে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।
উদ্বোধনী অনুষ্ঠানে শাহেদুল ইসলাম এমইউপি বলেন, যুব সমাজকে মাদক, জুয়া ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের মাঠমুখী করতেই এ ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, “একজন তরুণ যখন খেলার মাঠে সময় দেয়, তখন সে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার পাশাপাশি শৃঙ্খলা ও নিয়ম-কানুনের মধ্যে বেড়ে ওঠার সুযোগ পায়। আমাদের এলাকার তরুণরা যেন মাদক, জুয়া ও অপরাধে না জড়ায়, সে জন্য তাদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে।”
তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য শুধু একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা নয়। এ আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সম্প্রীতি, নেতৃত্বের গুণাবলি ও শৃঙ্খলা তৈরি করা। আমরা চাই এলাকার প্রতিটি তরুণ মাঠে আসুক, খেলাধুলা করুক এবং সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলুক।”
আয়োজকরা জানান, তরুণদের মাদক ও জুয়া থেকে দূরে রাখা, খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো, স্থানীয় খেলোয়াড়দের প্রতিভা বিকাশ এবং এলাকার মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়ানোই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য।