গলাচিপা (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১৪ পিএম
পটুয়াখালীর গলাচিপায় বিরোধপূর্ণ জমির সামনে গণঅধিকার পরিষদের কার্যালয় নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ বাঁধে, এতে আহতদের কয়েকজনকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পটুয়াখালীর গলাচিপায় বিরোধপূর্ণ জমির সামনে ‘সরকারি খাস জমি’তে গণঅধিকার পরিষদের (জিওপি) কার্যালয় নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন।
উপজেলার আমখোলা ইউনিয়নের বাদুরা বাজার এলাকায় শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে কয়েকজনকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
আহতদের মধ্যে কাওসার মৃধা (৪০), আবুবকর (২৯), শফিক (২৯), মনসুর (২৪), শাকিল (২৬), রেজাউল করিম (৩২), সামছুল আলম (২৮), শিহাব (২০) ও সুজন (২৫) রয়েছেন।
স্থানীয় কয়েকজন জানান, বাদুরা বাজারের একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে খোকন মৃধা ও খোকন হাওলাদারের মধ্যে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে ওই জমির সামনে থাকা সরকারি খাস জমিতে আমখোলা ইউনিয়ন যুব অধিকার পরিষদের আহ্বায়ক কাওসার মৃধার নেতৃত্বে ১০-১৫ জন নেতাকর্মী দলীয় কার্যালয় নির্মাণের কাজ শুরু করেন।
এ সময় বাবুল হাওলাদারসহ কয়েকজন বাধা দিলে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয় বলেও জানান তারা।
আউলিয়াপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাবুল হাওলাদার অভিযোগ করেন, তার ক্রয় করা জমিতে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা করা হলে বাধা দেওয়ায় তাদের ওপর হামলা চালানো হয়। এতে তাদের ৪-৫ জন আহত হয়েছেন।
অন্যদিকে, আমখোলা ইউনিয়ন গণ অধিকার পরিষদের সদস্যসচিব এমদাদ হোসেন দাবি করেন, খোকন মৃধার রেকর্ডীয় জমির সামনে খাস জমিতে অফিস নির্মাণ করতে গেলে প্রতিপক্ষ হামলা চালায়। এতে তাদের অন্তত ১০ জন কর্মী আহত হয়েছেন।
খোকন মৃধার স্ত্রী সাহিদা ইসলাম শান্তনা বলেন, ক্রয় সূত্রে জমির মালিকানা তাদের হলেও দীর্ঘদিন ধরে তারা ভোগদখল করতে পারছেন না। বিষয়টি নিয়ে স্থানীয় চেয়ারম্যান, মেম্বারসহ সংশ্লিষ্টদের কাছে একাধিকবার গিয়েও সমাধান পাননি।
তিনি আরও বলেন, তারা গণঅধিকার পরিষদের সমর্থক। দলীয় সমর্থন থেকে নিজ জমিতে কার্যালয় নির্মাণের কাজ শুরু করলে প্রতিপক্ষ এসে ঘর ভাঙচুর ও মারধর করে।
এ বিষয়ে আমখোলা ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, “ঘটনাস্থল পরিদর্শন না করে এ বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়।”
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”