× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্যামিলি কার্ড

কয়রায় মধ্যরাতে ভাইভা ও ব্যাকডেটে সই, প্রশ্নের মুখে নিয়োগ প্রক্রিয়া

কয়রা (খুলনা) প্রতিবেদক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১৮:১৫ পিএম

কয়রা উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কয়রা উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনার কয়রা উপজেলায় সরকারি ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির জনবল নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে।

আবেদনের সময়সীমায় কৃত্রিম সংকট তৈরি, মধ্যরাত পর্যন্ত ভাইভা, নিয়োগের ফলাফল প্রকাশে বিলম্ব এবং ব্যাকডেটে ফলাফল শিটে স্বাক্ষরের অভিযোগ করেছেন প্রার্থী ও স্থানীয় রাজনৈতিক নেতারা।

নিয়োগের ফল প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন কয়রা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাংবাদিক মো. ইউনুস আলী।

তিনি ফেসবুকে লেখেন, "ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ এর ফলাফল। কয়রা, খুলনা। রাত তিনটা পর্যন্ত ভাইভা নিয়ে নাটক করার দরকার কি ছিল? সরাসরি নেতার সুপারিশ বাস্তবায়ন করতেন।"

কয়রা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মাহমুদুল হাসান ইউএনওর সমালোচনা করে লেখেন, "ইউএনও মহোদয়, ফাজলামির একটা লিমিট থাকে। মেধাবী বাদ দিয়ে শুধুমাত্র ২/১ জনের কথামতো যা সিলেক্ট আপনি করলেন। এটা সম্পূর্ণ বেমানান।" 

এ নিয়ে আবেদনকারী পাপিয়া সুলতানা মন্তব্য করেন, "সবই রাজনীতির খেলা চলছে ভাইয়া।"

এদিকে নিয়োগ প্রক্রিয়া চলাকালে উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী ও স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদী হাসান সবুজ প্রশাসনকে উদ্দেশ করে ফেসবুকে অশালীন ভাষায় হুমকি দেন। তিনি লেখেন, "... প্রশাসনকে স্পষ্ট ভাষায় একটি কথা বলে দিতে চাই ঐসব … বাচ্চাদের যদি নিয়োগ দেওয়ার চিন্তাও করেন তাহলে কিন্তু … লাল করে দিব। কয়রা উপজেলা ছাত্রদলের বক্তব্য স্পষ্ট।"

পরে তিনি কয়রা সদর ইউনিয়নে সুপারভাইজার পদে নির্বাচিত হন। তবে সবুজের দাবি, নিয়ম মেনেই তার নিয়োগ হয়েছে।

অভিযোগ রয়েছে, গত ২৩ জুলাই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও তাতে ২১ জুলাইয়ের তারিখ উল্লেখ ছিল। ২৬ জুলাই আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়। এর মধ্যে ২৪ ও ২৫ জুলাই সরকারি ছুটি থাকায় অনেক প্রার্থী প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়নের সুযোগ পাননি। পরে ২ থেকে ৪ আগস্ট রাত ৩টা পর্যন্ত ভাইভা নেওয়া হয়।

আরও অভিযোগ, চূড়ান্ত ফলাফল শিটে ১৪ সেপ্টেম্বর স্বাক্ষর করা হলেও তা প্রকাশ করা হয় ১৭ সেপ্টেম্বর। নিয়োগে সমান সুযোগের বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা।

ইউনিয়নভিত্তিক নিয়োগেও রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, বিভিন্ন ইউনিয়নে রাজনৈতিক দলের নেতাদের স্বজন ও ঘনিষ্ঠ ব্যক্তিরা সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী পদে নিয়োগ পেয়েছেন।

অভিযোগের বিষয়ে কয়রা উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, "ফ্যামিলি কার্ডের ফলাফলের বিষয়টি সম্পূর্ণভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তদারকি করেছেন। ভাইভা নেওয়া থেকে শুরু করে রেজাল্ট শিট প্রস্তুত করা পর্যন্ত সমস্ত কাজ ইউএনও স্যার নিজেই করেছেন। পরবর্তীতে তিনি সবকিছু প্রস্তুত করে আমাদেরকে ডেকে পাঠালে বিকালে আমরা ফলাফল প্রকাশ করি।"

ব্যাকডেটে স্বাক্ষর প্রসঙ্গে তিনি বলেন, "ফলাফল চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত কে কে উত্তীর্ণ হয়েছেন, সে বিষয়ে আমার নিজেরও কোনো ধারণা ছিল না। তাই বিস্তারিত তথ্যের জন্য সভাপতি ও ইউএনও স্যারই সঠিক উত্তর দিতে পারবেন।"

কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল বাকীকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা